বিয়ের আগে নির্ভার বিজয়, রাশমিকা দিলেন মেনু কার্ডের ছবি
· Prothom Alo

রাজস্থানের উদয়পুরের রাজকীয় প্রাসাদে বিয়ের ঘণ্টা বাজতে আর মাত্র কয়েক দিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দুই তারকার শেয়ার করা ছবিতে স্পষ্ট, উদ্যাপন শুরু হয়ে গেছে অনেক আগেই।
Visit chinesewhispers.club for more information.
পুলের জলে ভলিবলের উচ্ছ্বাস
সোমবার ইনস্টাগ্রাম স্টোরিতে বিজয় একটি ছবিতে দেখালেন বিয়ের আগের আড্ডার এক নির্ভার মুহূর্ত। পুলের জলে ভলিবল নেট টানানো, মাঝ আকাশে থেমে থাকা বল, আর জলের ছিটেফোঁটা—সব মিলিয়ে যেন বন্ধুদের সঙ্গে হালকা উচ্ছ্বাসের বিকেল। সবুজে ঘেরা প্রাসাদের পুলসাইডে লাল কাপ সাজানো পানীয়র ট্রে, হাসিঠাট্টা আর খোলা আকাশ—বরপক্ষের প্রাক্–বিবাহ আয়োজন যে বেশ প্রাণবন্ত, তা বোঝাই যায়।
জাপানি নৈশভোজে কনের ছোঁয়া
অন্যদিকে রাশমিকা তুলে ধরলেন ভিন্ন আবহ। সোনালি আলোয় সাজানো দীর্ঘ ডাইনিং টেবিল, গোলাপি লিলি ও সবুজ হাইড্রেনজায় সজ্জিত ফুলের তোড়া, পাশে সবুজ আপেল-আঙুরের নান্দনিক বিন্যাস—সব মিলিয়ে এক পরিমিত রুচির আয়োজন। বিশেষভাবে ছাপানো মেনু কার্ডে ইঙ্গিত মিলল, অতিথিদের জন্য রাখা হয়েছে জাপানি নৈশভোজ। এমনকি ন্যাপকিনেও সূচিকর্মে লেখা ‘বিরোশ’—ভক্তদের দেওয়া নামকে বিয়ের আনুষ্ঠানিক পরিচয়ে জায়গা দেওয়ার এক আবেগঘন স্বীকৃতি।
‘বিরোশ’-এর জন্ম ভক্তদের হাত ধরে
রোববার ইনস্টাগ্রামে এক যৌথ বার্তায় তাঁরা লিখেছেন, ভক্তদের ভালোবাসাই তাঁদের এক করেছে। ‘আমাদের পরিকল্পনার আগেই তোমরা আমাদের নাম দিয়েছ—বিরোশ। তাই আমাদের এক হওয়াকে আমরা তোমাদের সম্মানে “দ্য ওয়েডিং অব বিরোশ” নামে ডাকছি।’ এই ঘোষণা মুহূর্তেই ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যে।
গত বছরের ৩ অক্টোবর হায়দরাবাদে নীরবে আংটি বদল করেছিলেন তাঁরা। বহুদিন ধরেই গুঞ্জন ছিল, ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ ও ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’-এ একসঙ্গে কাজ করার পর থেকেই তাঁদের সম্পর্কের সূচনা। যদিও কখনো প্রকাশ্যে স্বীকার করেননি, নানা অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি, নতুন বছরে বন্ধুদের সঙ্গে ছুটি কাটানো—সব মিলিয়ে জল্পনা ছিল তুঙ্গে।
রাজকীয় প্রেক্ষাপট
জানা গেছে, উদয়পুরের বিলাসবহুল একটি ঐতিহ্যবাহী প্রাসাদে বসছে বিয়ের আসর। ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হবে মূল অনুষ্ঠান। পরে হায়দরাবাদে শিল্পী-বন্ধুদের জন্য আলাদা সংবর্ধনার আয়োজন থাকবে।
দক্ষিণি ছবির দুই জনপ্রিয় মুখের এই মিলন নিয়ে ভক্তদের উত্তেজনা নতুন নয়। সামাজিক মাধ্যমে তাঁদের নাম জুড়ে তৈরি ‘বিরোশ’ ট্রেন্ড বহুবার শিরোনাম হয়েছে। এবার সেই নামই বিয়ের আনুষ্ঠানিক পরিচয়।
বিয়ের ঘোষণা দিলেন রাশমিকা ও বিজয়বিনোদন দুনিয়ায় তারকাদের বিয়ে মানেই আড়ম্বর, কৌতূহল আর আলোচনার ঝড়। তবে বিজয় ও রাশমিকার প্রাক্–বিবাহ মুহূর্তগুলোতে যে বিষয়টি সবচেয়ে বেশি ধরা পড়েছে, তা হলো সহজ, বন্ধুত্বপূর্ণ এক আবহ। পুলে ভলিবল খেলা থেকে শুরু করে রুচিশীল ডিনার—সবকিছুতেই আছে ব্যক্তিগত স্পর্শ।
২৬ ফেব্রুয়ারি রাজকীয় আয়োজনে গাঁটছড়া বাঁধতে চলেছেন এই জুটি। ‘বিরোশ’-এর বিয়ের অপেক্ষায় এখন শুধু তাঁদের পরিবার-বন্ধু নন, দক্ষিণি সিনেমাপ্রেমীরাও।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে