ফতুল্লায় কল্যাণী খাল দখলমুক্ত করতে প্রশাসনের উদ্যোগ
· Prothom Alo

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও জনভোগান্তি কমাতে কল্যাণী খাল দখলমুক্ত করার কাজ শুরু করেছে প্রশাসন। এরই অংশ হিসেবে খালের সীমানা চিহ্নিতকরণ ও অবৈধ দখলদারদের তালিকা তৈরির কাজ চলছে। আজ বুধবার দুপুরে ফতুল্লা রাজস্ব সার্কেলের আওতাধীন এনায়েতনগর ইউনিয়নের হরিহরপাড়া ও শ্রীধরদী মৌজায় সরেজমিনে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
Visit sports24.club for more information.
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আসন্ন বর্ষা মৌসুমে ফতুল্লা ও আশপাশের এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। এই সংকট মোকাবিলায় গতকাল মঙ্গলবার কল্যাণী খাল পরিদর্শনে যান নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। পরিদর্শনকালে তিনি খালের বিভিন্ন স্থানে অবৈধ দখল ও ভরাট হওয়ার চিত্র দেখতে পান।
এ সময় ইউএনও তাৎক্ষণিকভাবে ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূরকে খালের প্রকৃত সীমানা নির্ধারণ এবং অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী, হরিহরপাড়া ও শ্রীধরদী মৌজার আরএস ৪৪৯ ও ৩৪৪ নম্বর দাগে তদন্ত শুরু করেছে ভূমি কার্যালয়। ইতিমধ্যে খালের প্রায় এক হাজার ফুট লম্বালম্বি অংশে লাল পতাকা দিয়ে সীমানা চিহ্নিত করা হয়েছে। সেই সঙ্গে খালের জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনার একটি প্রাথমিক তালিকাও তৈরি করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কল্যাণী খালটি একসময় এই অঞ্চলের পানিনিষ্কাশনের প্রধান মাধ্যম ছিল। কিন্তু প্রভাবশালী মহলের অবৈধ দখল ও ময়লা-আবর্জনা ফেলার কারণে খালটি সরু হয়ে গেছে। প্রশাসনের এই উদ্যোগে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা।
ইউএনও এস এম ফয়েজ উদ্দিন জানান, খালের সীমানা চিহ্নিত করার কাজ দ্রুত সম্পন্ন করা হবে। তালিকা চূড়ান্ত হওয়ার পর বিধি অনুযায়ী উচ্ছেদ অভিযান চালিয়ে খালটিকে আদি রূপে ফিরিয়ে আনা হবে।