মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: তদন্ত কমিশনের প্রতিবেদন প্রকাশে নিষ্ক্রিয়তা প্রশ্নে রুল

· Prothom Alo

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ ও ভুক্তভোগীদের অনুলিপি দিতে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ রুল দেন। ওই দুর্ঘটনায় আহতদের ও নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, সে বিষয়েও রুলে জানতে চাওয়া হয়েছে।

Visit asg-reflektory.pl for more information.

গত বছরের ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে ৩৬ জন নিহত হন। তাদের মধ্যে ২৮ জন শিক্ষার্থী, ৩ জন শিক্ষক, ৩ জন অভিভাবক, ১ জন আয়া এবং বিমানের পাইলট।

এ ঘটনায় ২০২৫ সালের ২৭ জুলাই তৎকালীন অন্তর্বর্তী সরকার ৯ সদস্যের তদন্ত কমিশন গঠন করে। কমিশনকে বিমান বিধ্বস্ত হওয়ার পরিপ্রেক্ষিত, কারণ, দায়দায়িত্ব ও ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ঘটনাসংশ্লিষ্ট অপরাপর বিষয় চিহ্নিত করতে বলা হয়েছিল। কমিশন গত বছরের ৫ নভেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়।

তদন্ত কমিশনের প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ এবং উত্তরা ক্যাম্পাসের ভবন নির্মাণের ক্ষেত্রে জাতীয় বিল্ডিং কোড অনুসরণ না করে অনুমোদনের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ জানানোয় নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে রিটটি করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের নিহত আট ও আহত এক শিক্ষার্থীর অভিভাবক এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) গত মাসে রিটটি করে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আমিরুল হক তুহিন, সঙ্গে ছিলেন আইনজীবী বনরূপা রায় ও শারমিন সুলতানা নীলা। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান।

পরে আইনজীবী আমিরুল হক তুহিন প্রথম আলোকে বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত বছরের ২৭ জুলাই তদন্ত কমিশন গঠন করা হয়। কমিশন তদন্ত প্রতিবেদন দিয়েছে গত ৫ নভেম্বর। তদন্ত প্রতিবেদন গণমাধ্যমের মাধ্যমে প্রকাশ ও ভুক্তভোগীদের এর অনুলিপি দেওয়ার জন্য বলা হয়, তবে তাতে সরকার সাড়া দেয়নি। তদন্ত কমিশনের প্রতিবেদন গণমাধ্যমের মাধ্যমে প্রকাশের ক্ষেত্রে নিষ্ক্রিয়তা নিয়ে রুল দিয়েছেন আদালত।

আমিরুল হক জানান, উত্তরা ক্যাম্পাসের ভবনটি জাতীয় বিল্ডিং কোডবহির্ভূত ছিল—এটা যারা অনুমোদন দিয়েছে, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানাতে সরকারের নিষ্ক্রিয়তা এবং আহতদের ও নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—এ মর্মেও রুল হয়েছে।

উত্তরায় মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে সরকারের কমিশন গঠন

Read full story at source