শুক্রবারের বৃষ্টিতে ২৪ ঘণ্টায় তাপমাত্রা কমেছে ৪ থেকে ৬ ডিগ্রী
· Prothom Alo
মার্চের মাঝামাঝি সময়ে তাপমাত্রা বেড়ে যাওয়ায় শীতের কাপড়গুলো অনেকেই ধুয়ে আলমারিতে তুলে রেখেছিলেন। গত শুক্রবার দেশজুড়ে শুরু হওয়া বৃষ্টির পর আবার সেই শীতের আমেজ ফিরে এসেছে। তুলে রাখা মোটা চাদর আবার বের করতে বাধ্য করেছে এই শীত নামানো বৃষ্টি।
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস কমে আসে ২৪ ঘণ্টার ব্যবধানে। আজ রোববার অবশ্য তাপমাত্রা বেড়েছে খানিকটা।
Visit umafrika.club for more information.
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আগামীকাল সোমবার তাপমাত্রা আরও বাড়তে পারে। উত্তরাঞ্চলে সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে। রাজধানীর আকাশ পরিষ্কার থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কম।
মধ্য মার্চের আগে থেকেই দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা বাড়তে থাকে। গত বৃহস্পতিবারই দেশের বেশির ভাগ এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। আর শুক্রবার বৃষ্টির পরপরই তাপমাত্রা হঠাৎ কমে যায় অনেকটা। যেমন রাজধানীর তাপমাত্রা যেখানে ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস; সেটা গতকাল শনিবার হয়ে যায় ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার আবহাওয়া অধিদপ্তরের ৫১টি স্টেশনের মধ্যে বেশির ভাগেরই সর্বোচ্চ তাপমাত্রা ২৪ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে আসে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল নরসিংদীতে, ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ কক্সবাজারের টেকনাফে ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, উপমহাদেশজুড়ে হাজার কিলোমিটারের বৃষ্টিবলয়ের ফলেই বাংলাদেশে বৃষ্টিপাত হয়। এই সময়ে এমন পরিস্থিতি খুব একটা দেখা যায় না। তবে বৃষ্টির এই ধারা বন্ধ হওয়ার পথে। আজ দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৬ মিলিমিটার। আগের দিন সেখানে সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল ২৬ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, বৃষ্টির কারণে হঠাৎ তাপমাত্রা কমে একেবারে শীতের আবহাওয়া ফিরে এসেছিল। রোববার থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে। এরপর বাড়তেই থাকবে। তবে বিশেষ করে উত্তরের জেলাগুলোতে আগামী শনিবার আবার বৃষ্টি হতে পারে, পূর্বাভাস দিলেন এই আবহাওয়াবিদ।