আমার স্বাধীনতা!

· Prothom Alo

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

Visit sport-tr.bet for more information.

আমার স্বাধীনতা কোনো ঘোষিত শ্রেষ্ঠত্বের মুকুট নয়, হাজার বছরের অহংকারের ইতিহাসে নাম লেখানোর অভিপ্রায়ও নয়। আমার স্বাধীনতা কোনো স্লোগান-চালিত বিদ্রোহ নয়, না ইতিহাসের পাতা প্রতিবছর বদলে দেওয়ার কৃত্রিম উচ্চারণ। ক্ষমতার প্রাসাদ ঘিরে যে বন্দনার উল্লাস, তার সঙ্গেও আমার স্বাধীনতার কোনো আত্মীয়তা নেই।

আমার স্বাধীনতার শিকড় লোকজ মাটিতে প্রোথিত—যেখানে প্রান্তিক এক বুড়ো চাষি বুরো ধানে জল দেবে বলে তেলের অভাবে হাহাকার করে, যেখানে আলুচাষি কোল্ডস্টোরেজের বারান্দায় বসে নিজের অশ্রু ঝরায়। এবং পাম্প থেকে পাম্পে ঘুরে বেড়ানো এক বাইক রাইডারের নিরাশ মুখে যে ক্লান্তি জমে ওঠে, সেসব দিশাহারা মানুষের ক্লান্তি মুছে দেওয়ার প্রতিশ্রুতিই আমার স্বাধীনতা।

আমার স্বাধীনতা সেই নিস্তব্ধ রাতের, যেখানে এক বৃদ্ধা ভাতের ফেন দিয়ে ক্ষুধার আগুন নিভিয়ে রাখে, সেই ডাস্টবিনের পাশটায়, যেখানে পথহারা এক পাগল মানুষ বড়লোকের ফেলে দেওয়া বিরিয়ানিতে জীবন খুঁজে পায়, সেই পথশিশু, যার ক্ষুধার্ত দেহকে নির্দয় মশকেরা রাতজুড়ে খুবলে খায়। তাদের একমুঠো ভাতের অধিকার নিশ্চিত করাই আমার স্বাধীনতার সরব ভাষা।

আমার স্বাধীনতা পদ্মা নদীর গভীরতায় ডুবে যাওয়া বাসের আর্তনাদে প্রতিধ্বনিত হয়—গোয়ালন্দ ঘাটের সেই অন্ধকার জলে, যেখানে শ্বাসরুদ্ধ হয়ে হারিয়ে যায় বহু জীবন, আর জানালার ফাঁক গলে বেরিয়ে আসা এক শিশুর হাহাকার বাতাসে ছড়িয়ে পড়ে। সড়কে চলা অচল যান ব্যাটারিচালিত রিকশার ফাঁদে পা দিয়ে পঙ্গু হয়ে যাওয়া মানুষের দীর্ঘশ্বাস। তাদের দুঃখ লাঘবের যে নিরন্তর, সত্যিকারের কর্মযজ্ঞ—সেখানেই আমার স্বাধীনতার ঘরবসতি।

গায়ে রোদ লাগায় না বলে কখনোই ভিটামিন ডির সাক্ষাৎ পায় না যেই অবগুণ্ঠিত নারী। পুরুষপুরাণের আপ্তবাক্য গিলে দাসত্বের জীবনযাপন করে অস্টিওপরোসিসে ভোগে ক্ষয়িষ্ণু হাড় নিয়ে কর্মক্ষমতা হারিয়ে ফেলে অল্প বয়সেই ব্যথাতুর জীবন বহনে বাধ্য হয় যারা। সেসব জননীর মগজে বিজ্ঞানমনস্কতার বীজ পুঁতে দেওয়ার সাধনাই আমার দুর্ভেদ্য স্বাধীনতা।

আমি লিখতে চাই মুক্ত আকাশে সফেদ মেঘের মতো—অবাধ, নির্ভীক। কিন্তু শব্দের ভেতর ঢুকে পড়ে এক অদৃশ্য ভয়, বলে—‘বাঁচতে চাইলে থেমে যাও।’ এই আত্মনিয়ন্ত্রণের অদৃশ্য শৃঙ্খল ভেঙে দিতে পারে যে সাহস, তার প্রতি অতল শ্রদ্ধাই আমার স্বাধীনতা।

আমার স্বাধীনতা কোনো বিলাসের স্বপ্ন দেখে না—না অর্থ, না পদ, না প্রভাবের অলংকার। পার্বত্য পাহাড়, হবিগঞ্জ কিংবা গাজীপুরের বিলাসবহুল রিসোর্টও তার কাম্য নয়। সুবিধাবাদ, লুটপাট, দুর্নীতি, অর্থ পাচার, প্রতিহিংসা কিংবা ঘৃণার রাজনীতির সঙ্গে তার কোনো সন্ধি নেই।

অর্পিত কিংবা অনর্পিত দায়িত্বভার বুঝে নিয়ে

সর্বমানুষের প্রতি নিখাদ মায়া-মমতায় গড়া

আমার স্বাধীনতার ছোট্ট নাম:

ভালোবাসা।

Read full story at source