স্তূপ

· Prothom Alo

নর্মদা নগরীর কবোষ্ণ কুয়াশায়
হৃৎপিণ্ড হিম হয়ে আসে। মহুয়ার
একান্ত শরীর ছেয়ে আছে শত শত
ঝুলে থাকা বাদুড়ের আলোকসজ্জায়।

যে শহরে তুমি নেই, সেখানে ফলে না
চৈতালি ফসল। নাম–বর্ণ–গন্ধহীন
পাখি ও পতঙ্গের নির্মম সমাগম
আমার কণ্ঠের কাছে স্তূপ হয়ে আছে।

আমাদের ব্যর্থ বৈঠকের অবিন্যস্ত
অজস্র সন্ধ্যা, পোড়ামাটির ফুটপাতে
আধমরা দেবদারু পাতার জঞ্জালে
কতক্ষণ, আর কত দিন রয়ে যাবে?

সরো হে স্তূপ! বেসামাল বর্ষার আগে।
আয়ুষ্কালের অধিক কে থাকে জীবিত?

Visit somethingsdifferent.biz for more information.

Read full story at source