ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির কারণে গ্রামাঞ্চলের সড়কের খুব বেশি উন্নয়ন হয়নি: সংসদে মির্জা ফখরুল
· Prothom Alo
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সীমাহীন দুর্নীতি ও অন্তর্বর্তী সরকারের সময় স্বজনপ্রীতির কারণে গ্রামাঞ্চলে সড়কের খুব বেশি উন্নয়ন হয়নি। রাস্তাগুলো এখনো কাঁচা রয়েছে। এই রাস্তাগুলো পাকা করার জন্য বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। রাস্তাগুলো পর্যায়ক্রমে পাকা করা হবে।
Visit betsport24.es for more information.
আজ রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বাগেরহাট–৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলীমের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী এ কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
এনসিপির সংসদ সদস্য আখতার হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উন্নয়নের নামে যে চরম দুর্নীতি করা হয়েছে, তা বর্তমান সরকার ক্ষমতায় এসে এক মাসের মধ্যে উপলব্ধি করতে পারছে। গত অন্তর্বর্তী সরকারে যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁরা নিজ নিজ এলাকায় ফান্ড (তহবিল) নিয়ে গেছেন। বিশেষ করে উত্তরাঞ্চলের রাস্তাগুলো একেবারেই অবহেলিত থেকে গেছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সরকার এ ধরনের দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে গ্রামাঞ্চলের রাস্তাঘাটসহ যোগাযোগব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করবে।
বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, ২০০৮ সাল থেকে ঢাকা মহানগরীর ১২১টি রাস্তার নতুন নামকরণ করা হয়েছে। এর মধ্যে উত্তর সিটি করপোরেশনের ৮৩টি ও দক্ষিণ সিটি করপোরেশনের ৩৮টি। বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক, বিশিষ্ট সাংবাদিক ও চব্বিশের জুলাই আন্দোলনের শহীদদের নামে সড়ক, ভবন ও স্থাপনার নামকরণ করা হয়েছে বলে মন্ত্রী জানান।