তেলের হিসাব দেখাতে না পারায় ফিলিং স্টেশন মালিককে কারাদণ্ড
· Prothom Alo

ডিজেল, পেট্রল ও অকটেন ক্রয়, মজুত ও বিক্রির হিসাব দেখাতে না পারার অভিযোগে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার এক ফিলিং স্টেশনের মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
শাস্তি পাওয়া ব্যক্তির নাম মো. মিজানুর রহমান। তিনি উপজেলার কাজলী সিনেমা হল এলাকায় অবস্থিত নওরীন ফিলিং স্টেশনের মালিক। গতকাল সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ফিলিং স্টেশনের মালিককে কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করা হয়েছে।
Visit h-doctor.club for more information.
জেলা ও উপজেলা প্রশাসন এবং স্থানীয় সূত্র জানায়, নওরীন ফিলিং স্টেশনে ৯ মার্চ থেকে পেট্রল, ডিজেল ও অকটেন বিক্রি করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, ওই ফিলিং স্টেশনের মালিক জ্বালানি তেল মজুত করে তেলের কৃত্রিম সংকট তৈরি করছেন। তেল ক্রয়-বিক্রয়ের হিসাবও রাখছেন না তিনি। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি সেখানে অভিযান চালান। জিজ্ঞাসাবাদে ওই ফিলিং স্টেশনের মালিক মিজানুর রহমান তাঁর প্রতিষ্ঠানে জ্বালানি তেল ক্রয়, বিক্রি ও মজুতের তথ্য দেখাতে ব্যর্থ হন। এ কারণে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব দক্ষিণের উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম প্রথম আলোকে বলেন, তাঁর উপজেলায় জ্বালানি তেল মজুত করে যাতে কোনো ফিলিং স্টেশনের মালিক সংকট তৈরি করতে না পারেন এবং বেশি মূল্যে জ্বালানি তেল বিক্রি করতে না পারেন সে জন্য নজরদারি অব্যাহত রাখা হবে।