চার জেলায় ডিসি প্রত্যাহার, এক মাসে সরানো হলো ২০ জনকে
· Prothom Alo

দেশের চার জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে ওই সব জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে গত এক মাসে তিন দফায় ২০টি জেলার জেলা প্রশাসক প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে কেউ কেউ আছেন, যাঁরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগে ডিসি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। সেই হিসেবে কয়েক মাসের মধ্যেই তাঁদের প্রত্যাহার করা হয়েছে।
Visit h-doctor.club for more information.
জাতীয় নির্বাচনের পর সচিব থেকে শুরু করে জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়েই পরিবর্তন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় সামনে জেলা প্রশাসকসহ আরও বিভিন্ন পর্যায়ে পরিবর্তন হতে পারে বলে সচিবালয়ে আলোচনা আছে।
আজ বুধবার যে চার জেলার জেলা প্রশাসকদের প্রত্যাহার করা হয়েছে, সেই জেলাগুলো হলো পাবনা, ঠাকুরগাঁও, রংপুর ও রাজবাড়ী। এসব জেলার বর্তমান জেলা প্রশাসকদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আর এসব জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে পাবলিক প্রকিউরমেন্ট অথোরটির পরিচালক (উপসচিব) আফরোজা পারভীনকে রাজবাড়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হককে ঠাকুরগাঁও, একই মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামকে পাবনা এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সচিব (উপসচিব) মোহাম্মদ রুহুল আমিনকে রংপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন, পুলিশ, শিক্ষায় আরও পরিবর্তন আসছেজাতীয় নির্বাচনের পর গত ১ মার্চ প্রথমে পাঁচ জেলার জেলা প্রশাসক প্রত্যাহার করা হয়। এই জেলাগুলো হলো গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জ। পরে ১৫ মার্চ এসব জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এরপর ২৯ মার্চ ১১টি জেলার জেলা প্রশাসক প্রত্যাহার করে সেসব জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। জেলাগুলো হলো রাজশাহী, খুলনা, চুয়াডাঙ্গা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, মেহেরপুর, লালমনিরহাট, হবিগঞ্জ, নরসিংদী ও বান্দরবান।
১১ জেলায় নতুন ডিসি নিয়োগ