অভিষেককে শাস্তি দিল আইপিএল

· Prothom Alo

ইডেন গার্ডেনসে গতকাল রাতে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে জয়ের আনন্দটা পুরোপুরি উপভোগ করতে পারলেন না সানরাইজার্স হায়দরাবাদ ওপেনার অভিষেক শর্মা। ম্যাচে অশোভন ভাষা ব্যবহারের দায়ে তাঁকে শাস্তি দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

Visit sportbet.rodeo for more information.

ম্যাচ ফির ২৫ শতাংশ অর্থ জরিমানার পাশাপাশি অভিষেকের নামের পাশে যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আইপিএলের আচরণবিধি অনুযায়ী তাঁকে এই শাস্তি দিল টুর্নামেন্টটির কর্তৃপক্ষ।

ম্যাচ রেফারির পর্যবেক্ষণে সানরাইজার্স হায়দরাবাদ ওপেনার আইপিএলের আচরণবিধির ২.৩ ধারা লঙ্ঘন করেছেন। এই ধারাটি মূলত মাঠের ভেতর অশালীন, আপত্তিকর কিংবা কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের সঙ্গে সংশ্লিষ্ট। কোনো খেলোয়াড় যদি এমন কোনো শব্দ বা ভাষা ব্যবহার করেন, যা গ্যালারিতে থাকা দর্শক কিংবা সরাসরি সম্প্রচারের সুবাদে টেলিভিশন পর্দার দর্শকদের কানে পৌঁছায় (স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়ুক বা না পড়ুক), তবে তা এই শাস্তির আওতায় পড়ে। অভিষেক এই শাস্তি মেনে নিয়েছেন।

আইপিএলের বিবৃতিতে বলা হয়, ‘গত বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেনসে কেকেআরের বিপক্ষে ম্যাচ চলাকালীন আইপিএলের আচরণবিধি ভঙ্গের দায়ে অভিষেক শর্মার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাঁর নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘অভিষেক ২.৩ ধারার অধীনে “লেভেল-১” পর্যায়ের অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। আইপিএলের নিয়ম অনুযায়ী, লেভেল-১ পর্যায়ের আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত ও অপরিবর্তনীয় বলে গণ্য হয়।’

মোস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে অবশেষে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান

আইপিএল কর্তৃপক্ষের বিবৃতিতে সুনির্দিষ্ট কোনো ঘটনার কথা উল্লেখ করা হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে বলা হয়, অনেকে মনে করছেন ৪৮ রান করে আউট হওয়ার পর ড্রেসিংরুমে ফেরার পথে মেজাজ হারানোই কাল হয়েছে অভিষেকের। কলকাতা পেসার ব্লেসিং মুজারাবানির বলে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরার সময় অভিষেকের চোখেমুখে হতাশা স্পষ্ট হয়।

২১ বলে ৪৮ রানে আউট হন অভিষেক

আউটটি নিয়ে অবশ্য বিতর্ক রয়েছে। বরুণ চক্রবর্তী ক্যাচটি ঠিকঠাক ধরতে পেরেছিলেন কি না, তা নিয়ে সংশয় আছে অনেকের। ধারণা করা হচ্ছে, সে মুহূর্তে ক্ষোভ নিয়ন্ত্রণ করতে না পেরে অশালীন কোনো শব্দ উচ্চারণ করেন অভিষেক, যার খেসারত দিতে হলো শাস্তি পাওয়ার মাধ্যমে।

কলকাতার বিপক্ষে সানরাইজার্সের ৬৫ রানে জয়ের এ ম্যাচে ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১০০ ছক্কা মারার মাইলফলকের দেখা পান অভিষেক। এর আগে সানরাইজার্সের প্রথম খেলোয়াড় হিসেবে কীর্তিটি গড়েন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।

Read full story at source