ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২৪ শিশু ভর্তি
· Prothom Alo

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও ২৪ নতুন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন ৬৭ শিশু।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত সময়ের মধ্যে হামের লক্ষণ নিয়ে নতুন করে ২৪ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ২০৫ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৩২ শিশু এবং ৬ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন ৬৭ শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২৩ শিশু।
Visit afsport.lat for more information.
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে একজন বা দুজন করে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হতে শুরু করেছে। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোগীদের চিকিৎসায় হাসপাতালের ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড রয়েছে, যেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ‘২৪ ঘণ্টায় ২৪ নতুন শিশু ভর্তি হয়েছে। এ সময়ে কোনো মৃত্যু না হলেও হামের লক্ষণ নিয়ে রোগী আসছেই। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।’