ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের কমিটি থেকে অব্যাহতি পাওয়া নেতা বললেন, ‘আমি ট্রান্সজেন্ডার নই’

· Prothom Alo

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ সরকারি আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রোববার জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ব্যক্তিগত তথ্য গোপন রাখা ও সংগঠনের নিয়মবহির্ভূত কার্যক্রমের দায়ে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে রেদোয়ান ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান ও সদস্যসচিব সমীর চক্রবর্তী রোববার এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

Visit freshyourfeel.org for more information.

আজ রোববার বিকেলে ‘রিহিয়া রিহি’ নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়, ‘প্রিয় কসবাবাসী, আমি আপনাদেরই রেদোয়ান। আমি পরিষ্কারভাবে জানাতে চাই, আমি ট্রান্সজেন্ডার নই। আমি একজন সম্পূর্ণ ছেলে এবং একজন সংস্কৃতিকর্মী। আমি দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক কার্যক্রমের সাথে যুক্ত। আমার এই পেশা বা কিছু কন্টেন্টের কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব কন্টেন্টের কারণে আপনারা কষ্ট পেয়েছেন, সেগুলো আমি ইতোমধ্যে রিমুভ করেছি। এবং ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সতর্ক ও সচেতন থাকবো, ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ-যাচাই ছাড়া কোনো কিছু বিশ্বাস বা প্রচার করবেন না। একটি ভুল ধারণা একজন মানুষের সম্মান ক্ষুণ্ন করতে পারে!’

রেদোয়ান ইসলামকে ফোন করা হলে ফোন ধরেন তাঁর ভাবি তানিয়া আক্তার। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি গুজব। ঢাকায় কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা টিকটক করে এবং ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে। রেদোয়ানও টিকটক করতে কিছু ভিডিও বানিয়ে ফেসবুকে ছেড়েছে। সম্প্রতি এসবের জন্য ফেসবুকে নিজের আইডি থেকে ক্ষমা চেয়ে বলেছে, এসব আর করবে না। রেদোয়ানের এসব ভিডিও বানানো ও টিকটকের বিষয়ে আমরা পরিবারের কেউ সমর্থন করিনি। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর থেকে রেদোয়ান বাড়িতে নেই। ছেলে থেকে মেয়েতে রূপান্তরের তথ্যটি সঠিক নয়।’

জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, সৈয়দাবাদ সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে ছাত্রদলের পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল গত শুক্রবার। জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান ও সদস্যসচিব সমীর চক্রবর্তী পাঁচ সদস্যের কমিটিকে ৫১ সদস্যের করে পূর্ণাঙ্গ কমিটি হিসেবে ঘোষণা করেন। গতকাল শনিবার জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী নিজের ফেসবুক আইডিতে কমিটির সদস্যদের তালিকা প্রকাশ করেন। এরপর ফেসবুকে রেদোয়ান ইসলামের ট্রান্সজেন্ডার হওয়ার বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। একপর্যায়ে সমালোচনার মুখে জেলা ছাত্রদল রেদোয়ানকে দল থেকে অব্যাহতি দেয়।

জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগে সবার কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়েছিল। মাসখানেক আগে রেদোয়ান ইসলাম জীবনবৃত্তান্তে নিজের ছবিসহ লিঙ্গ পুরুষ বলে উল্লেখ করেছিলেন। কিন্তু কমিটি ঘোষণার পর জানা যায়, রেদোয়ান অস্ত্রোপচার করে পুরুষ থেকে নারী হয়েছেন, যা আমাদের সমাজে গ্রহণযোগ্য নয়। তথ্য গোপন করার অভিযোগে তাঁকে দল থেকে অব্যাহিত দেওয়া হয়েছে।’

Read full story at source