রাজধানীতে শিশু অপহরণের পর হত্যায় দুজনের যাবজ্জীবন

· Prothom Alo

১৮ বছর আগে রাজধানীর কাফরুলে ১১ বছর বয়সী শিশু মো. শফিকুল ইসলাম ওরফে মিলনকে অপহরণের পর হত্যার মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া একজনকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Visit rouesnews.click for more information.

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিউর রহমান আজ রোববার এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম (জর্জ) এই তথ্য নিশ্চিত করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আল আমিন ঘরামী ও মাসুদ রানা। ১৪ বছরের কারাদণ্ড পাওয়া আসামির নাম সাইফুল ইসলাম ওরফে ছোট সাইফুল।

প্রত্যেক আসামিকে কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড।

রায় ঘোষণার সময় আসামি মাসুদ রানা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। অন্য দুই আসামি পলাতক। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় মো. আবদুল মোতালেব ওরফে মোতা ও আমিরুল ইসলাম ওরফে রুবেলকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।

মামলার এজাহারে বলা হয়, ২০০৮ সালের ৬ মার্চ কাফরুল থানার উত্তর সেনপাড়া এলাকা থেকে নিখোঁজ হয় শিশু শফিকুল। পরে তার পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা না পেয়ে তাকে শ্বাসরোধে হত্যা করেন আসামিরা। লাশ গোপন করতে সাভারে নদীতে ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় শিশুটির বাবা শহিদুল ইসলাম কাফরুল থানায় মামলা করেন। বিচারে ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

Read full story at source