মায়ের মৃত্যু, বিচ্ছেদ সামলে নতুন নিকোল
· Prothom Alo

২০২৪ সালে ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘বেবিগার্ল’ সিনেমার প্রিমিয়ারের পর থেকেই প্রশংসায় ভাসছিলেন নিকোল কিডম্যান, পরে উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কারও পান। তবে মায়ের মৃত্যুতে হঠাৎ দেশে ফেরার কারণে সরাসরি নিজে আর পুরস্কার গ্রহণ করতে পারেননি। চলতি বছরের শুরুতেই জানা যায়, গায়ক কিথ আরবানের সঙ্গে তাঁর ১৯ বছরের সংসার ভেঙে গেছে। এই দুই ঘটনা সামলে ঠিকই ঘুরে দাঁড়িয়েছেন অভিনেত্রী। গত কয়েক সপ্তাহে নিজের অভিনীত সিরিজের প্রিমিয়ারে নিকোলকে যাঁরাই দেখেছেন; চমকে গেছেন। লালগালিচায় সেই আগের মতো ঝলমলে উপস্থিতি। অভিনেত্রীকে দেখে সাম্প্রতিক সব গণমাধ্যমের শিরোনাম—‘নতুন নিকোল কিডম্যান’।
Visit palladian.co.za for more information.
বদলে দিয়েছে মায়ের মৃত্যু
অভিনেত্রী জানিয়েছেন, ব্যক্তিগত শোক সামলে নতুন শুরু তাঁর জন্য সহজ ছিল না। মায়ের মৃত্যুর ঘটনা নিয়ে তিনি বলেন, ‘আমি যখন মঞ্চে ওঠার জন্য প্রস্তুত হচ্ছিলাম, তখনই (মায়ের মৃত্যুর) খবরটা পাই…আমি একেবারে ভেঙে পড়েছিলাম।’ খবর পাওয়া মাত্রই সরাসরি নিজের হোটেল রুমে ফিরে শোকে আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। এমনকি মাকে শেষবারের মতো দেখতে রাতের অন্ধকারে ভেনিসের খালপথ দিয়ে দ্রুত বিমানবন্দরে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। এতে মানসিকভাবে আরও ভেঙে পড়েন।
এই কঠিন অভিজ্ঞতা তাঁর জীবনে বড় প্রভাব ফেলেছে। তিনি বলেন, এই ঘটনাই তাঁকে বুঝিয়েছে—জীবনের যেকোনো কঠিন পরিস্থিতি তিনি মোকাবিলা করতে পারবেন।
নিকোলের মা জ্যানেল অ্যান কিডম্যান ছিলেন নার্সিং প্রশিক্ষক ও নারী অধিকারকর্মী। কিডম্যান জানান, তাঁর মায়ের পরামর্শই তাঁকে ক্যারিয়ারের কঠিন সময়ে অভিনয় না ছাড়তে অনুপ্রাণিত করেছিল।
নতুন নিকোল
সাম্প্রতিক কিছু অনুষ্ঠানে কিডম্যানকে দেখে অনেকে বলছেন, তিনি আরও তরুণ হয়েছেন। এই পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, তিনি নাকি ‘নান–ইনভ্যাসিভ’ অর্থাৎ সার্জারি ছাড়া বিভিন্ন স্কিন ট্রিটমেন্ট নিয়েছেন—যেমন লেজার থেরাপি। তবে এসব তথ্যের কোনোটিই তিনি নিজে নিশ্চিত করেননি। অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র পেজ সিক্সকে বলেন, ‘তিনি এখন অনেক বেশি শান্ত, আত্মবিশ্বাসী ও নিজের উপস্থিতি বিষয়ে সচেতন।’
এদিকে বিচ্ছেদের পর অভিনেতা সাইমন বেকারের সঙ্গে নিকোলের নতুন প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি একটি প্রিমিয়ারে তাঁদের ঘনিষ্ঠ উপস্থিতির পর এ গুঞ্জন ছড়িয়েছে। তবে এ বিষয়ে কেউই মন্তব্য করেননি।
নিকোলকে সবশেষ দেখা গেছে ‘মার্গোস গট মানি ট্রাবলস’ সিরিজে। ১৫ এপ্রিল সিরিজটি মুক্তি পেয়েছে অ্যাপল টিভি প্লাসে।
ভ্যারাইটি অবলম্বনে