‘মব জাস্টিস’ ও নারী হেনস্তা রোধে কঠোর ব্যবস্থার দাবি ব্রেইনের
· Prothom Alo

দেশে ক্রমবর্ধমান ‘মব জাস্টিস’ (উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ আক্রমণ) ও নারী হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেইন)। শনিবার এক বিবৃতিতে এ উদ্বেগ জানিয়ে নতুন সরকারের কাছে অবিলম্বে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে গবেষণামূলক সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, ছাত্র–জনতার অভ্যুত্থান-পরবর্তী সময়ে ‘মব জাস্টিস’-এর নামে সাধারণ মানুষের ওপর আক্রমণের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। একই সঙ্গে জনপরিসরে ও সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের লক্ষ্য করে পরিকল্পিত হেনস্তা ও চরিত্রহননের ঘটনাও আশঙ্কাজনকভাবে বেড়েছে।
Visit albergomalica.it for more information.
দৃশ্যমান আইনি পদক্ষেপের অভাব ও প্রশাসনের নীরবতা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে বলে মনে করে ব্রেইন। তারা বলছে, কেবল আশ্বাসে সীমাবদ্ধ না থেকে আইনের নিরপেক্ষ প্রয়োগের মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেছে ব্রেইন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আইন নিজের হাতে তুলে নেওয়া ও মব তৈরিতে উসকানিদাতাদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনা; জনসমাগমস্থলে সব নাগরিকের নিরাপত্তায় বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ; অনলাইনে লিঙ্গভিত্তিক সহিংসতা ও সাইবার বুলিং মোকাবিলায় বিশেষায়িত ইউনিট সক্রিয় করা।
এ ছাড়া অপরাধ ঘটার পর ব্যবস্থা নেওয়ার বদলে আগেভাগেই প্রতিরোধমূলক ভূমিকা পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় করার দাবি জানানো হয় বিবৃতিতে। পাশাপাশি দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিত করারও আহ্বান জানিয়েছে ব্রেইন।
সংগঠনটি বলছে, ভয়ের এই পরিবেশ নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাভাবিক চলাচল এবং মতপ্রকাশের স্বাধীনতাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। রাষ্ট্রে শান্তি, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে ব্রেইন।