নির্মাণাধীন ভবনে রঙের কাজ করছিলেন, নিচে পড়ে যুবকের মৃত্যু
· Prothom Alo
চট্টগ্রামের পটিয়ায় একটি নির্মাণাধীন ভবনে রঙের কাজ করার সময় নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম শহীদুল ইসলাম। তিনি উপজেলার খরনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লালারখীল গ্রামের প্রবাসী জসিম উদ্দিনের একমাত্র ছেলে। গতকাল রোববার বিকেলে উপজেলার ভাটিখাইন ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
Visit afsport.lat for more information.
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভাটিখাইন ইউনিয়নে একটি নির্মাণাধীন ভবনে রঙের কাজ করছিলেন শহীদুল। বাঁশের মইয়ের ওপর দাঁড়িয়ে ভবনের একটি অংশে রং করার সময় হঠাৎ নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রূপা বড়ুয়া প্রথম আলোকে বলেন, বিকেল ৪টা ২০ মিনিটের দিকে শহীদুল নামের ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।