ওটিটিতে শাকিবের ‘রকস্টার’–এর সঙ্গী চরকি
· Prothom Alo

শাকিব খানের ঈদের ছবি ‘রকস্টার’–এর এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার হলো চরকি। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল দুপুরে খবরটি নিশ্চিত করেছে ‘রকস্টার’ ও চরকি কর্তৃপক্ষ। সিনেমাটির অফিশিয়াল মিউজিক পার্টনার হয়েছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।
Visit newssport.cv for more information.
‘রকস্টার’ ছবিতে শাকিব খানকে কোনো গ্যাংস্টার বা অ্যাকশন হিরো নয়, একজন পেশাদার সংগীতশিল্পীর চরিত্রে দেখা যাবে। চরিত্রের প্রয়োজনে তিনি ওজন কমিয়েছেন এবং নিজের লুকেও এনেছেন বড় পরিবর্তন। ৫ মে সিনেমাটির প্রথম টিজার প্রকাশের পরই রকস্টার চরিত্রে শাকিব খানের ভিন্ন লুক দর্শক–ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি করে। দেশ-বিদেশে বিভিন্ন প্ল্যাটফর্মে টিজারটি ট্রেন্ডিংয়ে উঠে আসে।
রকস্টার–এর সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘প্রেক্ষাগৃহ এবং ওটিটি প্ল্যাটফর্মের সমন্বিত প্রচেষ্টা একটি সিনেমাকে কোথায় নিয়ে যেতে পারে, তার প্রমাণ দর্শকেরাই দিয়েছেন। আমরা দর্শকদের ভালো নির্মাণ দেখানোর চেষ্টা করে যাচ্ছি, তারই ধারাবাহিকতায় “রকস্টার” সিনেমার সঙ্গে চরকির যুক্ত হওয়া।’
চরকির সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে ছবির পরিচালক আজমান রুশো বলেন, ‘সিনেমা বা কনটেন্ট মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে চরকি একটি আস্থার নাম। ভালো কনটেন্ট নিয়ে কাজ করার ক্ষেত্রে তাদের যে আন্তরিকতা, সেটিই আমাদের এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে উদ্বুদ্ধ করেছে।’
‘রকস্টার’–এ শাকিব খান। চরকির সৌজন্যেসিনেমাটির নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডু জানান, প্রেক্ষাগৃহে মুক্তির পর দেশ ও বিদেশের বৃহৎ দর্শক গোষ্ঠীর কাছে পৌঁছানোর লক্ষ্যেই চরকিকে স্ট্রিমিং পার্টনার হিসেবে বেছে নিয়েছেন তাঁরা।
সিনেমাটির বেশিরভাগ গানের কথা লিখেছেন ও সুর করেছেন আহমেদ হাসান সানি। গানগুলোতে কণ্ঠও দিয়েছেন তিনি। এ ছাড়াও আছে রাজীব হাসান, হাসান রোবায়েত ও অংকনের লেখা গান। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব। অঞ্জন চৌধুরী নিবেদিত সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব ও সামিউল ভূঁইয়া।
‘রকস্টার’–এর টিজারে এ কোন শাকিবআজমান রুশোর গল্পে নির্মিত ছবিতে একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, উত্থান–পতন এবং বাস্তব অভিজ্ঞতার নানা দিক তুলে ধরা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আজমান রুশো জানান, নির্মাণে আসার আগে তিনি নিজেও সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। নিজের জীবন ও বাস্তব জীবনের রকস্টারদের নানা অভিজ্ঞতার মিশেলে তিনি এই গল্পটি তৈরি করেছেন।
আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি চরকির অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাবে। তবে ওটিটিতে মুক্তির নির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। ‘রকস্টার’ সিনেমার সব গান প্রকাশ হবে এসভিএফ মিউজিক, চরকি, বিলিং মিউজিকের অফিশিয়াল চ্যানেলে।