সব পদে বিজয়ী ইউনাইটেড বিজনেস ফোরাম
· Prothom Alo

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ২৪ পরিচালক পদে বিজয়ী হয়েছে ইউনাইটেড বিজনেস ফোরাম। আজ শনিবার বিকেলে ভোট গণনা শেষে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম। এর আগে এদিন চেম্বারের ১৮ পরিচালক পদে ভোট গ্রহণ করা হয়। বাকি ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এক যুগ পর চট্টগ্রাম চেম্বারের পরিচালকেরা সরাসরি ভোটে নির্বাচিত হলেন। ২০১৩ সালের পর এই চেম্বারের সব কমিটি হয়েছে বিনা ভোটে। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬ হাজার ৭৮০ জন। যার মধ্যে ভোট পড়েছে ২ হাজার ৭২৫। এটি মোট ভোটের প্রায় ৪০ শতাংশ।
Visit chickenroadslot.pro for more information.
সাধারণ শ্রেণিতে মোট ভোটার রয়েছেন ৪ হাজার ১ জন। ভোট পড়েছে ১ হাজার ৮৪৩ বা প্রায় ৪৬ শতাংশ। সহযোগী শ্রেণিতে ভোটার ২ হাজার ৭৬৪ জন। ভোট পড়েছে ৮৮২; প্রায় ৩২ শতাংশ। এবার মোট ১৭টি বুথে ভোট গ্রহণ হয়েছে। একজন সাধারণ শ্রেণির ভোটার মোট ১২টি ভোট এবং সহযোগী শ্রেণির ভোটার ৬টি ভোট দিয়েছেন।
চেম্বারে ব্যবসায়ীদের ভোটে সাধারণ শ্রেণি থেকে ১২ জন, সহযোগী শ্রেণি থেকে ৬ জন এবং টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ শ্রেণি থেকে ৩ জন করে ৬ জন পরিচালক নির্বাচিত হন। এভাবে চেম্বারের ২৪ সদস্যের পর্ষদ গঠিত হয়। পরে নির্বাচিত পরিচালকদের ভোটে একজন সভাপতি ও দুজন সহসভাপতি নির্বাচিত হন।
চেম্বার সূত্রে জানা গেছে, আগামী সোমবার বেলা সাড়ে ১১টায় চেম্বারের প্রেসিডিয়াম নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে চেম্বারের সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি এবং সহসভাপতি নির্বাচিত করবেন পরিচালকেরা।
কারা নির্বাচিত, কত ভোট পেলেন
সাধারণ শ্রেণি থেকে কামাল মোস্তফা চৌধুরী ১ হাজার ৪০৫ ভোট, এএসএম ইসমাইল খান ১ হাজার ৩৭৪, আবু হায়দার চৌধুরী ১ হাজার ৩৬৪, মো. আমজাদ হোসাইন চৌধুরী ১ হাজার ৩৫২, নাসির উদ্দিন চৌধুরী ১ হাজার ৩২১, আসাদ ইফতেখার ১ হাজার ৩০৬, আমান উল্লা আল ছগির ১ হাজার ২৭৭, মো. গোলাম সরওয়ার ১ হাজার ২৫৯, মোহাম্মদ হাবিবুর রহমান ১ হাজার ২৫৯, মোহাম্মদ শফিউল আলম ১ হাজার ২৪৯ এবং মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী ১ হাজার ২১১ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন।
সহযোগী শ্রেণিতে মো. জাহিদুল হাসান ৬৮৭ ভোট, মো. নুরুল ইসলাম ৬৬১ ভোট, মো. সেলিম নুর ৬৪৬, সরোয়ার আলম খান ৬৪১, মোহাম্মদ মশিউল আলম ৬৩২ এবং মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ ৬১৮ ভোট পেয়ে এই শ্রেণি থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন।
ট্রেড গ্রুপ শ্রেণিতে মোহাম্মদ আখতার পারভেজ, মোহাম্মদ আমিরুল হক এবং এস এম সাইফুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। অন্যদিকে টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে আফসার হাসান চৌধুরী, মোহাম্মদ মনির উদ্দিন এবং মোহাম্মদ সজ্জাদ উন নবাজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।
ইউনাইটেড বিজনেস ফোরামের দলনেতা ও চেম্বারের নবনির্বাচিত পরিচালক মোহাম্মদ আমিরুল হক বলেন, ‘আমরা চেয়েছি ভোটের মাধ্যমে ব্যবসায়ীরা তাঁদের নেতৃত্ব নির্বচন করুক। সেটিই হয়েছে।’