জিপিএসের ভুলে গাড়ি চালিয়ে উঠলেন উড়াল মেট্রো লাইনে
· Prothom Alo

স্মার্টফোনের গুগল ম্যাপ বা জিপিএস বর্তমান যুগে কোটি কোটি মানুষের পথচলার পরম বন্ধু। তবে এই প্রযুক্তিকে অন্ধের মতো বিশ্বাস করলে যে কী চরম পরিণতি হতে পারে, তারই প্রমাণ পাওয়া গেল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে।
Visit betsport24.es for more information.
অঙ্গরাজ্যের সিয়াটল শহরে ৭০ বছর বয়সী এক নারী গন্তব্যে পৌঁছাতে জিপিএসের সাহায্য নেন। কিন্তু জিপিএসের নির্দেশনা হুবহু অনুসরণ করতে গিয়ে নিজের এসইউভি গাড়িটি নিয়ে তিনি সোজা উঠে পড়েন উড়াল মেট্রো রেললাইনে।
গত মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ওই নারী রেললাইনে গাড়ি চালিয়ে প্রায় ৪০০ মিটার পথ পাড়ি দেন। শেষ পর্যন্ত মাউন্ট বেকার স্টেশনের উড়াল লাইনের ওপর গিয়ে গাড়িটি আটকে যায়।
View this post on Instagram
প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের যাত্রীরা যখন দেখলেন লাইনে ট্রেনের বদলে আস্ত একটি গাড়ি ধীরগতিতে এগিয়ে আসছে, তখন তাঁদের চোখ ছানাবড়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, মেট্রোরেলের লাইনের ওপর দিয়ে গাড়িটি চলতে তীব্র বেগ পাচ্ছিল এবং চাকাগুলো লাইনের খাঁজে আটকে যাচ্ছিল।
এই আজব কাণ্ডের জেরে সিয়াটলের লাইট রেল কর্তৃপক্ষ চরম বিপাকে পড়েছে। রেললাইন থেকে গাড়িটি নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য পুরো শহরের লাইট রেল পরিষেবা টানা দুই ঘণ্টার জন্য বন্ধ রাখতে হয়। উদ্ধারকারী দল প্রথমে লাইনের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং পরে ক্রেন ও বিশেষ প্রযুক্তির সাহায্যে গাড়িটিকে লাইন থেকে নামিয়ে আনে।
সিয়াটল মেট্রোপলিটন এলাকার গণপরিবহন সংস্থা সাউন্ড ট্রানজিট গাড়িটি উদ্ধারের একটি ভিডিও পোস্ট করে লিখেছে, উড়াল ট্রেনের লাইনে গাড়ি উঠে পড়ায় ট্রেন চলাচল স্থগিত করা হয়। সবকিছু ঠিকঠাক করে আবার ট্রেন চালু করা সম্ভব হয়েছে।
উড়াল রেললাইনে কীভাবে এই গাড়ি প্রবেশ করল, তা নিয়ে তদন্ত চলছে। তবে স্থানীয় সংবাদমাধ্যম সিয়াটল টাইমস জানিয়েছে, মাউন্ট বেকার স্টেশন থেকে প্রায় আধা মাইল দক্ষিণে মার্টিন লুথার কিং জুনিয়র ওয়ে এবং ওয়ালডেন স্ট্রিটের কাছে রেললাইনটি রাস্তার সমান্তরালে ছিল।
ধারণা করা হচ্ছে, জিপিএসের ভুল নির্দেশনায় বিভ্রান্ত হয়ে নারী চালক সেখান দিয়েই লাইনে গাড়ি তুলে দেন এবং ওপরে উঠতে থাকেন।
সিয়াটল পুলিশ বিভাগের সার্জেন্ট প্যাট্রিক মিশৌ বলেছেন, গাড়ির চালক ৭০ বছর বয়সী নারী। পুলিশের জেরার উত্তরে ধরা পড়ে তিনি মানসিকভাবে বেশ বিভ্রান্ত ছিলেন। এ ঘটনায় তাঁকে গ্রেপ্তার বা জরিমানা করা হয়েছে কি না, তা পুলিশ নিশ্চিত করেনি।