‘স্বাভাবিক মৃত্যু হয়েছে’ দাবি করা বৃদ্ধের কাফনে রক্তের দাগ, জানাজা স্থগিত করলেন এলাকাবাসী

· Prothom Alo

স্বাভাবিক মৃত্যু হয়েছে দাবি করে গ্রামের বাড়িতে দাফনের জন্য আনা হয়েছিল এক বৃদ্ধের মরদেহ। কিন্তু জানাজার আগে কাফনের কাপড়ে রক্তের দাগ ও মাথায় জখমের চিহ্ন দেখতে পান এলাকাবাসী। এরপর সন্দেহ হয় তাঁদের। এ কারণে জানাজা স্থগিত করে পুলিশে খবর দেন তাঁরা। এরপর পুলিশ এসে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজী তালুকদারবাড়িতে এ ঘটনা ঘটে।

Visit asg-reflektory.pl for more information.

মারা যাওয়া ব্যক্তির নাম সিরাজ উদ দৌলা (৬০)। তিনি ওই এলাকার মৃত আবদুস সাত্তারের ছেলে। তবে তিনি পরিবারের সঙ্গে চট্টগ্রাম নগরে থাকতেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরীর একটি বাসায় সিরাজ উদ দৌলার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। পরে দাফনের জন্য তাঁর লাশ গ্রামের বাড়িতে আনা হয়। গতকাল মাগরিবের নামাজের পর তাঁর জানাজা হওয়ার কথা ছিল। তবে জানাজার প্রস্তুতির সময় কাফনের কাপড়ে অতিরিক্ত রক্তের দাগ দেখতে পান এলাকাবাসী। মাথার এক পাশে জখমও দেখতে পান তাঁরা। এরপর মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ দেখা দেয়। এ কারণে দাফন কার্যক্রম স্থগিত করে পুলিশকে খবর দেওয়া হয়। পরে রাউজান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ৯টার দিকে লাশ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা মো. ইউসুফ বাবুল বলেন, ‘সম্প্রতি পারিবারিক কলহের কারণে সিরাজ উদ দৌলা কিছুদিন তাঁর স্বজনের বাসায় ছিলেন। পরে তিনি আবার নিজ বাসায় ফিরে যান। তাঁর মাথায় তিনটি কোপের মতো চিহ্ন দেখা গেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

সিরাজ উদ দৌলা (৬০)

তবে এসব অভিযোগ অস্বীকার করেন বৃদ্ধের পরিবারের সদস্যরা। জানতে চাইলে নিহত সিরাজ উদ দৌলার স্ত্রী জাহেদা বেগম বলেন, তাঁর স্বামীর মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে। মৃত্যুর দুই দিন আগে তিনি চেয়ার থেকে পড়ে গিয়ে সামান্য আঘাত পেয়েছিলেন। এটির দাগ রয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘মারা যাওয়া ব্যক্তির মাথায় জখম দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

Read full story at source