নওগাঁয় জাতীয় ফল মেলায় ৫০টির বেশি জাতের আম দেখতে ভিড়

· Prothom Alo

৫০টির বেশি জাতের আম, করমচা, কদবেল, ডুমুর, ডেউয়াসহ দেশি-বিদেশি প্রায় দেড় শ প্রজাতির ফল নিয়ে নওগাঁয় শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল ও আম মেলা। আজ বৃহস্পতিবার নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে মেলা শুরু হয়েছে। চলবে আগামী শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে।

Visit h-doctor.club for more information.

বেলা ১১টার দিকে ফেস্টুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলার প্রথম দিনেই দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শিশু–কিশোরসহ নানা বয়সী মানুষ পরিচিত ও অপরিচিত বিভিন্ন জাতের ফলের সমাহার দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন।

মেলার শুরুতেই রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টল। মেলার সবচেয়ে বড় এই স্টলে করমচা, কদবেল, অড়বরই, ডুমুর, ডেউয়া, কামরাঙা, তাল, গাব, লটকন, খেজুর, আম, জাম, কাঁঠাল, লিচু, বাঙ্গি, আমলকী, আলুবোখারা, রামবুটান, প্যাশন ফল, অ্যাভোকাডো, বাক্স বাদাম, কফি বিন, কাজুবাদামসহ দেশি-বিদেশি নানা প্রজাতির ফল সাজিয়ে রাখা হয়েছে। এর মধ্যে শুধু আমেরই রয়েছে ৫০টির বেশি জাত। স্টলটি দেখতে বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীদের ভিড় দেখা যায়।

মেলার বিভিন্ন স্টল ঘুরে আমসহ নানা জাতের ফল দেখছিলেন নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী অন্তর কুমার। বাহারি নামের বিভিন্ন ফল দেখে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘এত দিন আমি আম্রপালি, ল্যাংড়া, ফজলিসহ মাত্র ১০ থেকে ১২ প্রকার আমের নাম জানতাম। কিন্তু এত জাতের, আর এত চমৎকার ও বিচিত্র জাতের আম রয়েছে, এটা আমার ধারণা ছিল না। এ ছাড়া দেশি-বিদেশি কয়েক জাতের ফল ছাড়া তেমন করে অন্য ফল চিনতামই না। মেলায় এসে প্রায় দেড় শ প্রজাতির ফল দেখলাম। এসব ফল সম্পর্কে জানতে পারলাম।’

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান বলেন, দেশি-বিদেশি ফলের সঙ্গে তরুণ প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি নওগাঁর আমের ব্র্যান্ডিং করা এই মেলার অন্যতম উদ্দেশ্য। নওগাঁ থেকে প্রথম ২০১৯ সালে বিদেশের বাজারের জন্য আম উৎপাদন করা হয়। গত বছর এ জেলা থেকে বিদেশের বাজারে ২০০ মেট্রিক টনের কিছু বেশি আম রপ্তানি হয়েছে। এবার জেলা থেকে এক হাজার মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারের পাশাপাশি চীনেও আম রপ্তানির সম্ভাবনা দেখা দিয়েছে।

Read full story at source