সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতাল চালুসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস বর্জন

· Prothom Alo

সুনামগঞ্জ মেডিকেল কলেজে অবিলম্বে হাসপাতালের কার্যক্রম চালু, প্রয়োজনীয় ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করা, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তাঁরা।

আজ রোববার সকালে ক্লাস বর্জন করে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে তাঁরা প্রথমে মানববন্ধন ও পরে বিক্ষোভ করেন।

Visit h-doctor.club for more information.

শিক্ষার্থীরা বলেন, মেডিকেল কলেজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস করতে হয়। এ জন্য তাঁদের ওয়ার্ডে গিয়ে হাতে–কলমে শিক্ষা নিতে হয়। কিন্তু কলেজে হাসপাতাল চালু না হওয়ায় সেটি সম্ভব হচ্ছে না। কলেজে হাসপাতালের ১০ তলা ভবন পড়ে আছে। গত বছরের জুনে হাসপাতালের কার্যক্রম চালুর আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এখনো হাসপাতাল চালুর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

কর্মসূচি থেকে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, সপ্তাহে ছয় দিন ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করা, ওয়ার্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ, ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও রেজিস্ট্রার নিয়োগ এবং সার্জারি, মেডিসিনসহ সব ক্লিনিক্যাল বিষয়ের জন্য যথাযথ ওয়ার্ডের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়।

শিক্ষার্থীদের ভাষ্য, এসব দাবি নিয়ে এর আগে বারবার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন তাঁরা। লিখিতভাবেও বিষয়গুলো জানানো হয়েছে। কিন্তু কোনো ফল হয়নি।

কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শাহপরান ভুঁইয়া বলেন, ‘আমাদের এসব দাবির বিষয়ে কর্তৃপক্ষের সুস্পষ্ট বক্তব্য না পেলে ক্লাস বর্জন কর্মসূচি চলবে। ক্যাম্পাসে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ভবন নির্মাণকাজ শেষ, কিন্তু এটি চালুর বিষয়ে গড়িমসি লক্ষ করছি আমরা। অবিলম্বে হাসপাতাল চালু করতে হবে। এখানেই ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করতে হবে।’

কলেজের অধ্যক্ষ মোস্তাক আহম্মদ ভূঁইয়া বলেন, ‘হাসপাতাল চালুর বিষয়ে সংশ্লিষ্ট সব জায়গায় আমরা যোগাযোগ করছি। ভবনের আনুষঙ্গিক কিছু কাজ বাকি আছে। গণপূর্ত বিভাগ এক মাসের মধ্যে সেই কাজ শেষ করবে। ফার্নিচার আছে। যন্ত্রপাতি ক্রয়ের বিষয়টি প্রক্রিয়াধীন। এখন প্রয়োজনীয় লোকবল নিয়োগে মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। সেটিও প্রক্রিয়াধীন।’

শিক্ষকসংকটের বিষয়ে অধ্যক্ষ বলেন, ‘এখানে ৭৪ শিক্ষকের মধ্যে ৩৮ জন কর্মরত আছেন। তিনটি বিভাগে কোনো শিক্ষক নেই। আমরা শিক্ষক নিয়োগের জন্য বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখছি। তারা আশ্বস্ত করেছে, দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া হবে।’

২০২১ সালের ১২ সেপ্টেম্বর জেলার শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ৫০ শিক্ষার্থী নিয়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়। প্রায় দুই বছর পর ২০২৩ সালের ৫ নভেম্বর প্রতিষ্ঠানটি স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হয়। স্থায়ী ক্যাম্পাসটি জেলা শহর থেকে ১৩ কিলোমিটার দূরে সদর উপজেলার মদনপুর এলাকায় সুনামগঞ্জ–সিলেট সড়কের পাশে অবস্থিত। বর্তমানে কলেজে পাঁচটি ব্যাচে শিক্ষার্থী রয়েছেন।

Read full story at source