খুনের রাজনীতি পরিহার না করলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ দেশছাড়া করবে: শিবির সভাপতি
· Prothom Alo

খুনের রাজনীতি পরিহার না করলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ দেশছাড়া করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।
রোববার রাতে রাজধানীর শাহবাগে এক বিক্ষোভ মিছিল–পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম এ কথা বলেন। গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে শিবিরের ঢাকা মহানগরী শাখা।
Visit amunra-online.pl for more information.
মিছিলটি রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ছাত্রশিবির নেতা খুনের জন্য বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে নূরুল ইসলাম বলেন, গাইবান্ধায় সাইফুল্লাহকে যে বর্বরোচিত ও কাপুরুষোচিতভাবে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে, তা কোনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না। বিএনপি-যুবদলের এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে শিবির।
অনতিবিলম্বে সাইফুল্লাহর হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান শিবির সভাপতি।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান বিএনপি ও প্রশাসনের সমালোচনা করে বলেন, বিএনপির কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে দেশের জনগণ যেন বাংলাদেশ তাদের কাছে ইজারা দিয়েছে। দেশের প্রতিটি কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যাংক-বিমা, মাঠঘাটসহ এমন কোনো জায়গা বাকি নেই, যেখানে তারা দখলদারি ও ডাকাতি করেনি। তাদের এই চরম অত্যাচার ও জুলুমের কারণে দেশের মানুষ আজ তীব্রভাবে ত্যক্তবিরক্ত।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক আবু মুসা, বায়তুলমাল সম্পাদক আনিসুর রহমান, ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান প্রমুখ।
এর আগে রোববার একটি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিএনপি ও যুবদলের নেতা–কর্মীদের হামলায় শিবির নেতা সাইফুল্লাহ বারী নিহত হন। রোববার বিকেলে উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল্লাহ উপজেলার শিমুল তাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের হামলায় শিবির নেতা নিহত