রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
· Prothom Alo

রংপুর নগরের হোটেলের ছাদ থেকে পড়ে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে নগরের পায়রা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। তাঁর লাশ উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
মৃত নুজসাত জাহান (১৮) নগরের খলিফাপাড়া এলাকার নজরুল ইসলামের মেয়ে। তিনি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী ছিলেন।
Visit newsbetting.cv for more information.
মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিকেল ৪টা ৫৪ মিনিটে নুজসাত নর্থ ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ছাদে ওঠেন। সেখানে কিছু সময় অবস্থান করে মুঠোফোন ব্যবহার করেন। পরে বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে ছাদের রেলিংয়ের ওপর বসার এক পর্যায়ে নিচে পড়ে যান। কী কারণে ঘটনাটি ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সনাতন চক্রবর্তী জানান, ঘটনাস্থল থেকে নুজসাতের ফোনটি উদ্ধার করা হয়েছে। ফোনের তথ্যের ভিত্তিতে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি হোটেল বা রেস্টুরেন্টে যাননি। লিফটে করে সরাসরি ছাদে উঠেছিলেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) ডাকা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।
এ ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ছাদের এক পাশে কিছু সময় বসে ছিলেন নুজসাত। এ সময় তাঁকে মুঠোফোন ব্যবহার করতে দেখা যায়। পরে তিনি রেলিংয়ে উঠে বসলে তৎক্ষণাৎ নিচে পড়ে যান।
সন্ধ্যা সাতটার দিকে ঘটনাস্থলে এসে নুজসাতের মা আফসানা পারভীন আহাজারি করে বলেন, ‘আমার মেয়ে নাই। আমার মেয়ে কীভাবে এখানে আসল?’