রাস্তায় ভিক্ষা করছে রোবট
· Prothom Alo
চীনের সিচুয়ান প্রদেশের এক অদ্ভুত দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ফুটপাতে হাঁটু গেড়ে বসে হাতজোড় করে একজন ভিক্ষা চাইছে।
Visit somethingsdifferent.biz for more information.
এই একজন মানবসদৃশ একটি রোবট। নিজেকে চার্জ দিতে রোবটটির বিদ্যুৎ প্রয়োজন। আর বিদ্যুতের বিল মেটানোর জন্য চাই অর্থ।
সেই অর্থ জোগাড় করতেই রোবটটি পথে নেমেছে। ভিডিওতে দেখা যায়, মানবসদৃশ রোবটটি এক হাঁটু মুড়ে বসে পথচারীদের উদ্দেশে হাতজোড় করে বারবার মাথা নোয়াচ্ছে। তার সামনে রাখা একটি ছোট থালা, সেখানে কয়েকটি কয়েন রাখা। পাশে রাখা আছে একটি কিউআর কোড। সেটি স্ক্যান করে ডিজিটাল পদ্ধতিতে অর্থ দানের সুযোগও রয়েছে।
রোবটটির গায়ে থাকা এলইডি স্ক্রিন ও লাউডস্পিকারে বারবার ঘোষণা করা হচ্ছে, ‘রিচার্জ করার অর্থ নেই, দয়া করে বিদ্যুতের বিল দিতে সাহায্য করুন।’
কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোবটটিকে চীনা রোবোটিকস প্রতিষ্ঠান ‘ইউনিট্রি’র তৈরি ‘ইউনিট্রি জি১’ মডেল হিসেবে শনাক্ত করা হয়েছে।
ইউনিট্রির তৈরি ইউনিট্রি জি১ মডেলের একটি রোবট ইকুয়েডরের চিম্বোরাজো আগ্নেয়গিরিতে আরোহণ করে খবরের শিরোনাম হয়েছিল।
রোবট ভিক্ষুকের এই ভিডিও নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ কেউ রসিকতা করে বলছেন, ‘রোবটের কারণে মানুষের চাকরি তো যাচ্ছেই, এখন তো দেখছি রোবট ভিক্ষুকদের জায়গাও দখল করছে।’ আবার কেউ বলছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশ্ব দখল করবে কি, তারা তো দেখি নিজেরাই এখন রিচার্জের টাকার জন্য ভিক্ষা করছে।’
তবে অনেকের ধারণা, এটি কোনো প্রতিষ্ঠানের অভিনব বিপণন কৌশল কিংবা কোনো শিল্পীর পথপ্রদর্শনী হতে পারে। এটাই কিন্তু প্রথম এ ধরনের ঘটনা নয়; হংকংভিত্তিক সংবাদমাধ্যম এইচকে০১-এর তথ্যমতে, চীনের রাজধানী বেইজিং, চেংদু এবং ফুঝৌ শহরের রাস্তায়ও ইদানীং এমন ‘রোবট ভিক্ষুক’ দেখা যাচ্ছে।
প্রযুক্তির এই যুগে ডিজিটাল পেমেন্ট কোড নিয়ে রোবটের ভিক্ষা করার দৃশ্য যেমন বিনোদন জোগাচ্ছে, তেমনি ভবিষ্যতের এক অদ্ভুত পৃথিবীর ইঙ্গিতও দিচ্ছে।