গাড়ি চালাতে লাইসেন্স লাগে, এখন শুনি মদ খেতেও লাইসেন্স লাগে: সংসদে স্বতন্ত্র এমপি ইকবাল
· Prothom Alo

মদপানের ক্ষেত্রে লাইসেন্স বাধ্যতামূলক থাকার বিষয়টি নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। তিনি বলেছেন, গাড়ি, মোটরসাইকেল বা ব্যবসা পরিচালনার জন্য লাইসেন্সের প্রয়োজনীয়তা বোঝা গেলেও মদপানের জন্য লাইসেন্সের বিধান কোন দেশের আইন, তা তাঁর জানা নেই।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য ইকবাল বলেন, ‘গাড়ি চালাইতে লাইসেন্স লাগে, মোটরসাইকেল চালাইতে লাইসেন্স লাগে, দোকান চালাইতেও লাইসেন্স লাগে। এখন শুনি মদ খাইতেও নাকি লাইসেন্স লাগে। এটা কোন দেশের আইন আমি জানি না।’
Visit chickenroad.qpon for more information.
মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে স্বতন্ত্র এই সংসদ সদস্য মদ ও মাদকের আইনি অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একটা কথা না বললেই নয়। মদ কি মাদক?’
এ সময় তিনি অভিযোগ করেন, মদসংক্রান্ত আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশ অপ্রয়োজনীয় হয়রানির সুযোগ পাচ্ছে। তাঁর ভাষায়, ‘পুলিশ একটা ব্যবসা পাইছে। এক বোতল মদ পাইলে মানুষকে মামলা দেয়।’
বক্তব্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি সন্তোষজনক নয় এবং তা মোকাবিলায় পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়ানো প্রয়োজন। তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি বেশি ভালো না। এ জন্য পুলিশের বাজেট বাড়ানো দরকার।’