সন্তান কোথায় যাচ্ছে, কী করছে এ সম্পর্কে সচেতন হতে হবে

· Prothom Alo

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সচেতনতা বৃদ্ধি ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন বিকেলে জেলা প্রেসক্লাবের সামনে যশোর বন্ধুসভার সহযোগিতায় এটির আয়োজন করে প্রথম আলো ট্রাস্ট।

মানববন্ধনে স্বাগত বক্তব্যে প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম বলেন, ‘বর্তমানে গ্রাম-গঞ্জে-পাড়া-মহল্লায় সর্বত্র মাদক ছড়িয়ে পড়েছে। আমাদের সমাজ মাদকের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। তরুণ সমাজের প্রতি আমার বিনীত অনুরোধ, কৌতূহলের বশবর্তী হয়েও মাদক নয়। সব সময় মাদককে না বলতে হবে।’

Visit turconews.click for more information.

যশোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান বলেন, ‘সীমান্ত উন্মুক্ত রেখে মাদককে না বললে কোনো লাভ হবে না। আমরা দেখেছি মাদককে ঘিরে বাণিজ্য হচ্ছে। পুলিশ মাদকসেবীকে ধরে নিয়ে যাচ্ছে, আবার টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে। পেছনে যারা বড় বড় দাদা আছে, তারা যত দিন পর্যন্ত আইনের আওতায়, শাস্তির আওতায় না আসবে তত দিন পর্যন্ত মাদকের সমস্যা সমাধান অত্যন্ত কষ্টসাধ্য। সব পর্যায় থেকে নীরবতা ভেঙে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।’

যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক আলাউদ্দিন আল মামুন বলেন, ‘মাদক প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গের জন্য ক্ষতিকর। এটি আস্তে আস্তে একটি মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। মাদক সবারই শত্রু। অভিভাবকের উচিত তার সন্তান কোথায় যাচ্ছে, কী করছে এ সম্পর্কে সচেতন থাকা।’

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিবর্তন যশোরের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ভাষানী পরিষদের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির সহসাধারণ সম্পাদক আইনজীবী মাহমুদ হাসান বুলু। সঞ্চালনা করেন বন্ধুসভার বন্ধু নুরুন্নবী হৃদয়।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং তরুণদের খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকেরা অংশ নেন। অংশগ্রহণকারীরা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা তৈরির আহ্বান জানান এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর বন্ধুসভার সভাপতি লাকি রানী কাপুড়িয়া, সাধারণ সম্পাদক রুবাইয়্যাত ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বন্ধু ফয়সাল হোসেন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সাদিয়া তাবাচ্ছুম, বন্ধু মনিরা খাতুন, সহসাংগঠনিক নাহিদ হাসান, কার্যনির্বাহী সদস্য লিটন হোসেন প্রমুখ।

যুগ্ম সাধারণ সম্পাদক, যশোর বন্ধুসভা

Read full story at source