সংবাদ প্রকাশের পর ঢাকা স্ট্রিমের সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি

· Prothom Alo

ঢাকা স্ট্রিমে প্রকাশিত দুটি সংবাদকে কেন্দ্র করে সংবাদমাধ্যমটির সম্পাদক ও সাংবাদিকদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ তথ্য জানিয়ে রাজধানীর কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ঢাকা স্ট্রিমের কমিউনিকেশন বিভাগের প্রধান এস এম মিজানুর রহমান বাদী হয়ে শুক্রবার জিডি করেন। জিডিতে বলা হয়, গত ২৩ জুন রাত ৯টা ১৮ মিনিটে বাংলা স্ট্রিম নিউজ পোর্টালে ‘সাদা-কালো পতাকায় সয়লাব দেশ, নেপথ্যে কারা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর ২৪ জুন রাত ১০টা ২৫ মিনিটে ঢাকা স্ট্রিমের ওয়েবসাইটে ‘বাংলাদেশে আল-কায়েদার পতাকার পেছনে কারা?’ শিরোনামে আরেকটি সংবাদ প্রকাশ করা হয়।

Visit extonnews.click for more information.

জিডিতে উল্লেখ করা হয়, সংবাদ প্রতিবেদন দুটি প্রকাশের পর থেকে কিছু উগ্রবাদী অজ্ঞাতনামা ব্যক্তি ঢাকা স্ট্রিমের সাংবাদিকদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। তারা প্রতিষ্ঠানের ফেসবুক পেজে হুমকিমূলক বার্তা পাঠাচ্ছে, দাপ্তরিক নম্বরে ফোন করছে এবং সম্পাদক ও প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদ এবং সংশ্লিষ্ট সাংবাদিক সালেহ ফুয়াদকে হত্যার হুমকি দিচ্ছে।

জিডিতে আরও বলা হয়েছে, এসব ঘটনার কারণে প্রতিষ্ঠানের সাংবাদিকদের জীবন, ব্যক্তিগত নিরাপত্তা ও প্রতিষ্ঠানের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করা হয়।

এস এম মিনহাজুর রহমান আজ সোমবার প্রথম আলোকে বলেন, মুঠোফোন, প্রতিষ্ঠানের ফেসবুক পেজ ও ই-মেইলে হত্যার হুমকি দেওয়া হয়েছে। জিডি করার পর কিছু লোককে ঢাকা স্ট্রিম কার্যালয়ের সামনে সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করতেও দেখা গেছে।

জিডিটি তদন্ত করছেন কলাবাগান থানা সহকারী উপপরিদর্শক (এসআই) মো. ময়নাল হোসেন। তিনি আজ প্রথম আলোকে জানান, যেসব ফোন নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, সেসব নম্বর পুলিশের সাইবার দলের কাছে দেওয়া হয়েছে। হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাছ করছে পুলিশ।

Read full story at source