কলোরাডোতে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে দীর্ঘদিনের কংগ্রেস সদস্যকে হারালেন ফিলিস্তিনপন্থী কিরোস

· Prothom Alo

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার এলাকার কংগ্রেসের একটি নির্বাচনী আসনে ডেমোক্রেটিক দলের প্রাথমিক বাছাই নির্বাচনে (প্রাইমারি) জয়ী হয়েছেন গণতান্ত্রিক সমাজতন্ত্রী মেলাত কিরোস। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ১৫ মেয়াদের প্রবীণ সদস্য ডায়ানা ডিগেটকে হারিয়ে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে মনোনয়ন পেতে যাচ্ছেন ২৯ বছর বয়সী কিরোস। এটি মূলধারার ডেমোক্র্যাটদের বিরুদ্ধে বামপন্থীদের সর্বশেষ জয়। মার্কিন গণমাধ্যমের পূর্বাভাস অনুযায়ী এমনটাই জানা গেছে।

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে ৭৮ শতাংশ ভোট গণনা শেষে একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে কিরোসকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সে সময় ডিগেটের চেয়ে প্রায় ৭ হাজার ভোটে এগিয়ে ছিলেন ২৯ বছর বয়সী কিরোস।

Visit saltysenoritaaz.org for more information.

কিরোস শিশুবয়সে ইথিওপিয়া থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। ইসরায়েলপন্থী ডেমোক্র্যাটদের সমালোচনা এবং সমাজতান্ত্রিক রাজনৈতিক ভাষ্যকার হাসান পিকারের সঙ্গে জোট বাঁধার কারণে তাঁকে কিছুটা বিতর্কের মুখোমুখি হতে হয়েছিল।

আগামী নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট অধ্যুষিত এই আসনে কিরোসের জয়ী হওয়ার সম্ভাবনা বেশ প্রবল।

২৯ বছর বয়সী সাবেক আইনজীবী কিরোসকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। কারণ, তিনি ইসরায়েল ও ফিলিস্তিন বিষয়ে ল ফার্মগুলোর (আইনি প্রতিষ্ঠান) অবস্থানের সমালোচনা করে দেওয়া একটি পোস্ট মুছে ফেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এ ছাড়া তিনি গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে জাতিগত নিধন বলে অভিহিত করেছেন।

চলতি গ্রীষ্মে বর্তমান নির্বাচিত ডেমোক্র্যাট জনপ্রতিনিধিদের হারিয়ে গণতান্ত্রিক সমাজতন্ত্রীদের জয়ী হওয়ার তালিকায় সর্বশেষ যোগ হয়েছেন কিরোস।

নিউইয়র্ক নগরে ‘ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট অব আমেরিকা’-এর সঙ্গে যুক্ত এবং মেয়র জোহরান মামদানি–সমর্থিত তিনজন প্রার্থী দলীয় প্রাথমিক বাছাই নির্বাচনে জয়ী হয়েছেন।

মার্কিন গণমাধ্যমের পূর্বাভাস অনুযায়ী, গতকাল মঙ্গলবার কলোরাডোর অ্যাটর্নি জেনারেল ফিল উইজার গভর্নর পদে ডেমোক্র্যাট–দলীয় প্রাথমিক বাছাইয়ের লড়াইয়ে মার্কিন সিনেটর মাইকেল বেনেটকে পরাজিত করেছেন।

উইজার এই নির্বাচনী লড়াইয়ে বেনেটের চেয়ে বেশি তহবিল সংগ্রহ ও ব্যয় করেছেন। এই লড়াইয়ের মূল বিষয় ছিল—প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কলোরাডোকে রক্ষায় কে সবচেয়ে ভালো অবস্থানে আছেন। ট্রাম্প কলোরাডোতে ফেডারেল (কেন্দ্রীয়) তহবিল স্থগিত করেছিলেন এবং একটি বড় সুপেয় পানি প্রকল্পে ভেটো দিয়েছিলেন।

গত ২০ বছরে এই অঙ্গরাজ্যের ভোটাররা নির্বাচনের ক্ষেত্রে ডেমোক্র্যাটদের দিকেই বেশি ঝুঁকেছেন।

অ্যাটর্নি জেনারেল যুক্তি দেখিয়েছেন, তিনি আদালতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। সেখানে তিনি তহবিল স্থগিত করা এবং জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিষয়ে প্রেসিডেন্টের চেষ্টার বিরুদ্ধে আইনি লড়াই করেছিলেন।

আগামী নভেম্বরের নির্বাচনে উইজার গভর্নর হিসেবে নির্বাচিত হবেন বলে আশা করা হচ্ছে।

পূর্বাভাস অনুযায়ী, অঙ্গরাজ্যের আইন সভার সদস্য ম্যানি রুতিনেলও ডেমোক্রেটিক পার্টির বাছাই নির্বাচনে জয়ী হয়েছেন। তিনি আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান মার্কিন প্রতিনিধি গাবে ইভান্সের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনে এবার ডেমোক্র্যাটরা তাঁদের জয়ের বড় এক সুযোগ হিসেবে দেখছেন।

পরাজিত ডায়ানা ডিগেট ১৫ মেয়াদে কংগ্রস সদস্য ছিলেন

প্রগতিশীল প্রার্থী রুতিনেল অভিবাসনকে কেন্দ্র করে চলা প্রচারে মধ্যপন্থী সাবেক রাজ্য আইনসভার সদস্য শ্যানন বার্ডকে হারিয়ে দলীয় মনোনয়নের লড়াইয়ে জয়ী হন। ডেনভারের উত্তর উপশহর ও কাছাকাছি গ্রামীণ এলাকার এই নির্বাচনী আসনে প্রায় ৪০ শতাংশ বাসিন্দা লাতিনো।

ইভান্স ২০২৪ সালে খুব সামান্য ব্যবধানে জয়ী হয়েছিলেন। তবে নির্বাচনী তহবিল সংগ্রহের দিক থেকে রুতিনেলের চেয়ে তিনি বেশ এগিয়ে আছেন। যেখানে রুতিনেলের নির্বাচনী তহবিলের পরিমাণ ৯ লাখ ১০ হাজার, সেখানে ইভান্সের হাতে রয়েছে ৩৪ লাখ ডলার।

বর্তমানে মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনেটে ট্রাম্পের রিপাবলিকান পার্টির সামান্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। আগামী নভেম্বরের নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদের আরও তিনটি আসন এবং সিনেটের নিয়ন্ত্রণ নিতে চারটি আসন জেতা প্রয়োজন।

Read full story at source