মাস্তুল ফাউন্ডেশনের বিরুদ্ধে ফেস দ্য পিপলের সম্পাদকের মামলা, তদন্তে ডিবি
· Prothom Alo

সামাজিক যোগাযোগমাধ্যমে বিকৃত অডিও-ভিডিও প্রকাশ করে অনলাইন গণমাধ্যম ফেস দ্য পিপল-এর প্রকাশক ও সম্পাদক সাইফুর রহমানকে (সাগর) চাঁদাবাজ হিসেবে উপস্থাপনের অভিযোগে মাস্তুল ফাউন্ডেশনের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন।
Visit chickenroadslot.lat for more information.
সোমবার আদালত-সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে গত বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে মামলার আবেদন করেন ফেস দ্য পিপলের সম্পাদক সাইফুর রহমান। আদালত মামলাটি গ্রহণ করে ডিবিকে তদন্তের নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী ওবাইদুল্যাহ আল মামুন প্রথম আলোকে বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাস্তুল ফাউন্ডেশনের ফেসবুক পেজ থেকে মিথ্যা তথ্য এবং বিকৃত অডিও-ভিডিও প্রকাশ করে সাইফুর রহমানের সুনাম ক্ষুণ্ন করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে আদালত ডিবিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার আবেদনে বলা হয়েছে, মাস্তুল ফাউন্ডেশনের প্রকাশিত একটি ভিডিওতে সম্পাদিত ও বিকৃত অডিও-ভিডিও ব্যবহার করে সাইফুর রহমান সাগরকে ‘চাঁদাবাজ’ হিসেবে উপস্থাপন করা হয়। এতে তাঁর ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, মামলায় মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কাজী রিয়াজ রহমানকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানের আবু মোহাম্মদ কামরুজ্জামান, সৈয়দা প্রিয়াংকা, কাজী রায়হান রহমান ও সৈয়দ ফারহানা ইয়াসমিনকে আসামি করা হয়েছে। মোট পাঁচজনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।
মামলার আবেদনে আরও বলা হয়েছে, এর আগে ‘যাকাতের টাকায় সুদের কারবার, মাস্তুলের অভিনব প্রতারণা’ শিরোনামে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে মাস্তুল ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা হয়। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সাইফুর রহমানের বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে, যা তাঁকে সামাজিক ও পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে গত রোববার চাঁদা দাবি ও মানহানির অভিযোগে অনলাইন সংবাদমাধ্যম ফেস দ্য পিপল-এর সম্পাদক ও প্রকাশক সাইফুর রহমান এবং অনুসন্ধানী প্রতিবেদক মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন মাস্তুল ফাউন্ডেশনের আবু মো. কামরুজ্জামান। মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।