নতুন কমিটি গঠিত হয়েছে, শিগগিরই খুলবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

· Prothom Alo

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। জাদুঘর চালুর সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। শিগগিরই এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

Visit asg-reflektory.pl for more information.

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে সংরক্ষণ ও রূপান্তরের মাধ্যমে গড়ে তোলা হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এই জাদুঘরে বিগত সরকারের দুঃশাসন, জুলাই অভ্যুত্থানের নানা স্মারক এবং শহীদদের স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা হবে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় কাজ শেষ হলেও এখনো খুলে দেওয়া হয়নি।

এ প্রসঙ্গে নিতাই রায় চৌধুরীর ভাষ্য, জাদুঘরটির পরিচালনা কমিটি কার্যকর ছিল না। ওই কমিটি এলোমেলো ছিল। এ কারণে জাদুঘরটি বন্ধ রাখা হয়েছিল। এ বিষয়ে সংসদে সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার কমিটিও গঠন সম্পন্ন হয়েছে। খুব শিগগির সংবাদ সম্মেলনের মাধ্যমে জাদুঘরের উদ্বোধনের তারিখ ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানানো হবে। মন্ত্রী বলেন, ‘জাদুঘর বন্ধ রাখার কারণ ছিল পরিচালনা কমিটি না থাকা। কমিটি ছাড়া জাদুঘর পরিচালনা সম্ভব নয়। এখন নতুন কমিটি হয়েছে। আমরা জাদুঘরকে আরও সমৃদ্ধ করব এবং দ্রুতই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।’

শুক্রবার দিনব্যাপী সফরের অংশ হিসেবে সংস্কৃতিমন্ত্রী ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন করেন। দুপুরের পর তিনি শচীন দেববর্মনের পৈতৃক বাড়ি, অভয় আশ্রম, রামমালা গ্রন্থাগার, রাজ রাজেশ্বরী কালীবাড়ি, শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি, রানীর কুঠির, কুমিল্লা আর্ট স্কুল, থিওসফিক্যাল সোসাইটি, বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন পরিদর্শন করেন। বিকেলে সার্কিট হাউসে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় অংশ নেন। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে জাসাস কুমিল্লা ও জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

কুমিল্লার প্রত্নসম্পদ প্রসঙ্গে সংস্কৃতিমন্ত্রী জানান, কুমিল্লা অঞ্চলে অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে, যা দেশের প্রাচীন সভ্যতার গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করে। বৌদ্ধ সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল ময়নামতির শালবন বিহার। এসব ঐতিহ্য সংরক্ষণে সরকার গুরুত্ব দিচ্ছে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে নিতাই রায় চৌধুরী বলেন, গত ১৮ থেকে ২০ বছরে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, অর্থনীতি, আইন-বিচার, প্রশাসন, পুলিশ, ব্যাংক, বিমাসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের মতামতের মূল্যায়ন ছিল না, নির্বাচনের নামে প্রহসন হয়েছে এবং ব্যাংক খাত থেকে বিপুল অর্থ লুটপাট ও বিদেশে পাচার করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। বর্তমান সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে দেশের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করছে।

এ সময় কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আকতারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

Read full story at source