রেলপথে পানি, পাঁচ দিন পর ছাড়ল আটকে পড়া ট্রেন
· Prothom Alo
রেলপথে পানি ওঠার কারণে চট্টগ্রাম নগরের জানালিহাট স্টেশনে আটকে ছিল কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেন। পাঁচ দিন পর আজ রোববার দুপুরে চট্টগ্রাম রেলস্টেশনের উদ্দেশে ছেড়ে গেছে ট্রেনটি।
Visit h-doctor.club for more information.
জানালিহাট স্টেশনের স্টেশনমাস্টার নেজাম উদ্দিন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত মঙ্গলবার ষোলশহর ও জানালিহাট স্টেশনের মধ্যবর্তী একাধিক স্থানে পানি উঠে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেনটি জানালিহাটে আটকে পড়েছিল। সেটি আজ দুপুর সাড়ে ১২টার দিকে জানালিহাট স্টেশন থেকে চট্টগ্রাম স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।
মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে ৪ জুলাই ভারী বর্ষণ শুরু হয়। টানা বৃষ্টির কারণে মঙ্গলবার নগরের সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসেরপাড়া পর্যন্ত রেলপথ পানিতে ডুবে যায়। এ সময় দেড় থেকে দুই ফুট পর্যন্ত তলিয়ে যায় রেলপথ। সুন্নিয়া মাদ্রাসা এলাকা থেকে পানি নামলেও গতকাল সন্ধ্যা পর্যন্ত শমসেরপাড়ায় পানি জমে ছিল।
রেল কর্মকর্তারা জানান, রেলপথে পানি ওঠার কারণে মঙ্গলবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। রেলপথটি দিয়ে প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচল করে। এর মধ্যে চট্টগ্রাম থেকে দুই জোড়া এবং ঢাকা থেকে দুই জোড়া। এতে আট থেকে নয় হাজার যাত্রী যাতায়াত করেন।