কড়ইগাছের ডালে সুতায় আটকে ছিল চিল, তিন দিন পর মুক্ত
· Prothom Alo

টানা তিন দিন ধরে একটি কড়ইগাছের উঁচু ডালে সুতায় আটকে ঝুলে ছিল একটি চিল। প্রাণপণ চেষ্টা করেও মুক্তি পায়নি। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগ ও স্বেচ্ছাসেবীদের তৎপরতায় শেষ পর্যন্ত পাখিটিকে মুক্ত করা হয়েছে। সুতা কেটে দিতেই উড়ে যায় পাখিটি। আজ রোববার বেলা ১১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শান্তিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
Visit afrikasportnews.co.za for more information.
কড়ইগাছের অনেক উঁচু ডালে চিলটি সুতার সঙ্গে ঝুলে ছিলে বলে জানান স্থানীয় বাসিন্দা রাহাত আহমেদ। তিনি বলেন, পাখিটিকে উদ্ধারের জন্য প্রথমে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। আজ স্থানীয় কয়েকজন বিষয়টি বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে প্রতিষ্ঠানটির পরিচালক সজল দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব ঘটনাস্থলে কর্মীদের নিয়ে পৌঁছান। পরে তাঁরা গাছে উঠে চিলটিকে মুক্ত করেন।
সুতার বাঁধন কেটে দিতেই চিলটি কিছুক্ষণ ডানা ঝাপটে আকাশে উড়ে যায় বলে জানান বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব। তাঁর ভাষ্য, ‘আমরা আজ খবর পেয়ে গিয়ে দেখি, চিলটি গাছের অনেক উঁচু ডালে সুতার সঙ্গে আটকে ঝুলে রয়েছে। পরে আমাদের কর্মী রিদন গৌড় গাছে উঠে ডালটি কেটে সুতার ফাঁদ থেকে চিলটিকে মুক্ত করেন।’