জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার

· Prothom Alo

প্রতিবছরের মতো এবারও ৯ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালিত হবে। আগামী বৃহস্পতিবার সকাল আটটায় রাজধানীর স্বামীবাগ মন্দিরে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। পরে বেলা তিনটায় মন্দির থেকে জগন্নাথদেবের রথযাত্রা বের হবে। সন্ধ্যা সাতটার দিকে রথ ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছাবে।

Visit betsport.cv for more information.

আজ সোমবার সকালে স্বামীবাগ মন্দিরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এই রথযাত্রার আয়োজন করবে। ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক নিতাই স্বামী মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরেন।

নিতাই স্বামী জানান, রাজধানীর স্বামীবাগ আশ্রম থেকে রথযাত্রা শুরু হয়ে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলার মোড়, পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, হাইকোর্ট, দোয়েল চত্বর, শহীদ মিনার ও পলাশীর মোড় হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে। পরে ২৫ জুলাই বিকেলে একই পথে উল্টো রথের শোভাযাত্রা ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগ আশ্রমে ফিরে আসবে।

ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক আরও বলেন, ভারতের ওডিশায় পুরী রথযাত্রার পর ইসকনের আয়োজনে ঢাকার রথযাত্রা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। ঢাকার পাশাপাশি ইসকনের আয়োজনে দেশে এ বছর ১২৮টি রথযাত্রা অনুষ্ঠিত হবে।

নিতাই স্বামী জানান, সরকার, প্রশাসন ও পুলিশের সঙ্গে রথযাত্রা নিয়ে একাধিকবার বৈঠক হয়েছে। তারা সর্ব্বোচ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এ ছাড়া ইসকনের ৫০০ স্বেচ্ছাসেবক শৃঙ্খলার দায়িত্বে থাকবেন। নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই।

এ সময় ইসকন বাংলাদেশের সভাপতি সত্যরঞ্জন বাড়ৈ, কোষাধ্যক্ষ জ্যোতিশ্বর গৌরহরি দাস ব্রহ্মচারী, কার্যনির্বাহী কমিটির সদস্য বিমলা প্রসাদ দাস, হৃষিকেশ গৌরাঙ্গ দাস ও শুভ নিতাই দাস উপস্থিত ছিলেন।

Read full story at source