গুস্তাভ ল্য ক্লেজিওর ‘যে কখনো সমুদ্র দেখেনি’ বইয়ের প্রকাশনা
· Prothom Alo
নোবেলজয়ী ফরাসি সাহিত্যিক গুস্তাভ ল্য ক্লেজিওর গল্পগ্রন্থ ‘যে কখনো সমুদ্র দেখেনি’–এর বাংলা অনুবাদের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মূল ফরাসি থেকে বইটি অনুবাদ করেছেন নূরুল আলম। গতকাল শনিবার রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে লেখক, কবি ও সাহিত্য সমালোচকেরা অংশ নেন। বইটি প্রকাশ করেছে বেঙ্গলবুকস।
আলোচনায় বক্তারা বলেন, অনুবাদে ভাষার সাবলীলতা, বিশ্বস্ততা ও সাহিত্যের সৌন্দর্য বজায় রাখতে পেরেছেন নূরুল আলম। লেখক সাদাত সায়েম, কথাসাহিত্যিক ও অনুবাদক দিলওয়ার হাসান, অনুবাদক মঈন উদ্দীন আহমদ এবং কথাসাহিত্যিক দীপু মাহমুদ বইটির অনুবাদ ও সাহিত্যমানের প্রশংসা করেন। তাঁদের মতে, বইয়ের গল্পগুলোয় শিশু, প্রকৃতি, মানবিকতা ও দর্শনের নানা দিক গভীরভাবে উঠে এসেছে।
Visit amunra.help for more information.
অনুবাদক নূরুল আলম বলেন, ফরাসি ভাষা শেখার পর সাহিত্য অনুবাদের প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়। বইটির নামগল্প অনুবাদ করতেই সাত থেকে আট মাস সময় লেগেছিল। পরে আনি এর্নোর একটি বই অনুবাদের কাজের কারণে এ প্রকল্প কিছুদিন পিছিয়ে যায়।
অনুষ্ঠানে বেঙ্গলবুকসের মহাব্যবস্থাপক ও প্রকল্পপ্রধান আজহার ফরহাদ বলেন, বইটিকে ত্রুটিমুক্ত ও মানসম্মত করতে দীর্ঘ সময় ধরে সম্পাদনা করা হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রোকসানা কাজল, মাহমুদুল হক আরিফ, আবদুল্লাহ আমান ও নীহার মোশাররফ। সঞ্চালনা করেন তৌহিদ ইমাম।