বিকাশ মার্চেন্টদের সর্বোচ্চ ৫ লাখ টাকা ন্যানো ঋণ দিচ্ছে ব্র্যাক ব্যাংক
· Prothom Alo

বিকাশ মার্চেন্টদের জন্য ডিজিটাল ন্যানো ঋণসেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক। এ সেবার আওতায় যোগ্য মার্চেন্টরা এক মিনিটের মধ্যেই সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।
আজ সোমবার রাজধানীতে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশে অর্থায়নের সুযোগ: বেসরকারি খাতের জন্য আরও সহায়ক আর্থিক ব্যবস্থা গড়ে তোলা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এমন তথ্য জানান ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) সৈয়দ আবদুল মোমেন।
Visit amunra.qpon for more information.
প্যানেল আলোচনায় আবদুল মোমেন বলেন, গত সপ্তাহে এই সেবা পরীক্ষামূলকভাবে চালুর পর প্রথম চার দিনেই প্রায় ৪০০টি ঋণের আবেদন এসেছে। এর বিপরীতে ২ কোটি টাকা ঋণ বিতরণ হয়েছে।
তিনি জানান, শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেমের কারণে আবেদন যাচাই, অনুমোদন ও ঋণ বিতরণের পুরো প্রক্রিয়া এক মিনিটের মধ্যেই সম্পন্ন করা হচ্ছে। পাইলট প্রকল্পের (পরীক্ষামূলক প্রকল্প) জন্য বিকাশের ৬০ হাজার মার্চেন্টকে প্রাথমিকভাবে এই ঋণ সুবিধার জন্য বেছে নেওয়া হয়েছে। পাইলট শেষ হলে সব মার্চেন্টদের জন্য এটি উন্মুক্ত করা হবে।
আবদুল মোমেন বলেন, আগেই বিকাশ তার গ্রাহকদের জন্য কয়েকটি ব্যাংকের সঙ্গে মিলে ন্যানো ঋণসেবা চালু করেছিল। এবার বিকাশ মার্চেন্টদের জন্য ব্র্যাক ব্যাংক এই সেবা চালু করেছে। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা দ্রুত কার্যকরী মূলধন সংগ্রহের সুযোগ পাবেন।
বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো বিভিন্ন অংশীজনের তথ্য সহজে পাওয়া না যাওয়া—এমন তথ্য জানান আবদুল মোমেন। তিনি বলেন, ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান এবং টেলিযোগাযোগ অপারেটরগুলোর তথ্য নিরাপদ ও নীতিমালার আওতায় আরও সহজলভ্য হলে নতুন আর্থিক পণ্য উদ্ভাবন এবং দ্রুত ঋণসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।
আবদুল মোমেন আরও বলেন, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ বাড়লে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আরও উদ্ভাবনী আর্থিক পণ্য ও সেবা চালু করা সম্ভব হবে।
অস্ট্রেলিয়া সরকারের পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের (ডিএফএটি) সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল, পিডব্লিউসি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং পার্টনার শামস জামান, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি শামস মাহমুদ, এইচএসবিসি ব্যাংকের হেড অব মাল্টিন্যাশনাল হোলসেল ব্যাংকিং আন্দালিব মির্জা প্রমুখ।