নীল দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে উপাচার্যকে সাদা দলের স্মারকলিপি
· Prothom Alo
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘নীল দলের’ কার্যক্রম নিষিদ্ধ এবং তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’।
স্মারকলিপিতে নীল দলের শিক্ষকদের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়া, ফ্যাসিবাদকে মদদ দেওয়া এবং গত ১৭ বছরে ক্যাম্পাসে শিক্ষার্থী ও ভিন্নমতের শিক্ষকদের ওপর নিপীড়নের অভিযোগ আনা হয়েছে।
Visit newsbetting.cv for more information.
গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন ভার্চ্যুয়াল ক্লাসরুমে উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলামের কাছে এ স্মারকলিপি দেন সাদা দলের প্রতিনিধিরা।
স্মারকলিপিতে বলা হয়েছে, ২০২৪ সালের ১ আগস্ট নীল দলের শিক্ষকেরা এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘রাষ্ট্রদ্রোহী মহলের ষড়যন্ত্রের ক্রীড়নক’ হিসেবে আখ্যায়িত করে আন্দোলন পরিহারের আহ্বান জানান। একই সঙ্গে সরকারবিরোধী অবস্থান নেওয়া সাদা দলের শিক্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার হুমকি দেন।
সেই সঙ্গে ওই বছরের ৩ আগস্ট নীল দলের আয়োজনে শোভাযাত্রা ও মানববন্ধন থেকে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের পরোক্ষভাবে ‘নাশকতার জন্য দায়ী’ করা হয় বলে স্মারকলিপিতে উল্লেখ করেছে সাদা দল।
স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়েছে, ২০২৪ সালের ১৭ জুলাই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের দ্রুত হল ছাড়তে বাধ্য করা হলেও তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। একইভাবে ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তৎকালীন প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষকেরা কার্যকর কোনো পদক্ষেপ নেননি।
সাদা দলের যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবুল কালাম সরকার বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের দুই বছর পূর্ণ হতে চললেও আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়া স্বৈরাচার ও ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে এখনো কোনো বিচার হয়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
আবুল কালাম সরকার বলেন, বর্তমান উপাচার্য নিজেও ওই সময় একজন ভুক্তভোগী। তাই অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।