সবুজ দক্ষতা ও নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার তাগিদ বিআইমের সেমিনারে
· Prothom Alo

বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রিন জবস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেফটি ম্যানেজমেন্ট: দ্য রোল অব বিআইএম ইন এনগেজিং এমপ্লয়ারস অ্যান্ড টিভিইটি’ শীর্ষক সেমিনার। আজ মঙ্গলবার বিআইএমের কার্যালয়ে বেলা ৩টা থেকে সেমিনার শুরু হয়।
সেমিনারে সবুজ শিল্পায়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। তাঁরা বলেন, সনদের চেয়ে দক্ষতার গুরুত্ব বাড়ছে। তাই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে (টিভিইটি) আরও কার্যকর করতে হবে।
Visit xsportfeed.life for more information.
তিতাস গ্যাসে ১৩৫ পদে চাকরি, কোন যোগ্যতা থাকলে করা যাবে আবেদনঅনুষ্ঠানে প্রধান অতিথি শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদূন নাসের খান বলেন, বর্তমান সময়ে সনদের চেয়ে দক্ষতার গুরুত্ব বেশি হয়ে উঠছে। তাই শিক্ষাব্যবস্থাকে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিতে হবে। প্রতিটি শিল্পপ্রতিষ্ঠানের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো এর কর্মীরা। দক্ষ জনসম্পদ গড়ে তোলার পাশাপাশি তাঁদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। একটি দুর্ঘটনা শুধু একটি পরিবারের জন্য নয়, প্রতিষ্ঠানের জন্যও বড় ক্ষতির কারণ হতে পারে। তিনি আরও বলেন, বিশ্বজুড়ে সবুজ শিল্পায়ন ও সবুজ দক্ষতার চাহিদা বাড়ছে। সরকারও এ বিষয়ে গুরুত্ব দিচ্ছে।
বিআইএমের ব্যবস্থাপনা বিভাগের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টা ও বিভাগীয় প্রধান মোহাম্মদ নাজমী নেওয়াজ বলেন, পরিবেশবান্ধব সংস্কৃতি গড়ে তোলা শুধু প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, ব্যক্তিজীবনেও পরিবেশ সংরক্ষণের চর্চা করতে হবে। এ কারণেই বিআইএম সফট স্কিল উন্নয়নে গুরুত্ব দেয়। তিনি বলেন, সুস্থ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাও জরুরি। নিরাপত্তা একটি সংস্কৃতি। নিরাপদ থাকতে চাই—এমন মানসিক প্রস্তুতি তৈরি না হলে শুধু যন্ত্র বা নিরাপত্তা সরঞ্জাম দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য কার্যকর নীতি প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি পরিবর্তনের প্রতি আস্থা রাখতে হবে।
সেমিনারে সবুজ কর্মসংস্থানের প্রসার, শিল্পক্ষেত্রে নিরাপত্তার পরিবর্তিত চাহিদা এবং নিয়োগদাতাদের সঙ্গে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা খাতের সম্পৃক্ততা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সরকারি ও বেসরকারি উভয় খাতে টিভিইটির সুযোগ সম্প্রসারণের বিষয়েও মতামত দেন অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইএমের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সলিম উল্লাহ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল খায়ের আক্কাস আলী, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাভেদ শফিউল্লাহ।
সেমিনারের উন্মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন। তাঁরা নিজেদের মতামত তুলে ধরেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন।
ঢাবি আইবিএতে এমসিপিএস কোর্স, কোর্স ফি ৩২ হাজার, ভর্তিতে যা যা করতে হবে