সব ধরনের ক্রিকেট ছেড়ে রাহানে বললেন, ‘এটাই সঠিক টাইমিং’

· Prothom Alo

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অজিঙ্কা রাহানে। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ সিদ্ধান্ত জানান তিনি।

ভারতের হয়ে ৮৫ টেস্ট, ৯০ ওয়ানডে ও ২০টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন রাহানে। ২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেন ৩৮ বছর বয়সী এই ব্যাটসম্যান। সেটা ছিল টেস্ট ম্যাচ।

Visit syntagm.co.za for more information.

রাহানের ক্যারিয়ারে অন্যতম সেরা সাফল্য ২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতকে ঐতিহাসিক ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জেতানো। বিশেষ করে অ্যাডিলেডে প্রথম টেস্টে ভারত ৩৬ রানে অলআউট হওয়ার পর অধিনায়কোচিত প্রত্যাবর্তন ঘটেছিল তাঁর এবং সিরিজ জয় রূপকথার মতো স্মরণীয় হয়ে আছে ভারতের ক্রিকেট ইতিহাসে।

২০১১ থেকে ২০২৩ পর্যন্ত বিস্তৃত ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে রাহানে টেস্টে ৩৮.৪৬ গড়ে ১২টি শতকসহ ৫০৭৭ রান করেছেন। ওয়ানডেতে ৩৫.২৬ গড়ে তিনটি শতকসহ ২,৯৬২ রান এবং টি-টুয়েন্টিতে ১১৩.২৯ স্ট্রাইক রেটে ৩৭৫ রান করেছেন। ভারতের অধিনায়ক হিসেবে ৬টি টেস্টে তাঁর জয় ৪টি, ২টি ড্র। আইপিএলে ৬টি দলের হয়ে ২১২টি ম্যাচ খেলেছেন রাহানে।

View this post on Instagram

A post shared by Ajinkya Rahane (@ajinkyarahane)

অবসরবার্তায় ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে রাহানে বলেন, ‘আমি সব সময়ই আমার ব্যাটিংয়ে টাইমিংয়ের ওপর ভরসা রেখেছি এবং এর গুরুত্বও সব সময় উপলব্ধি করেছি। আজ আমার মনে হচ্ছে, জীবনে সামনে এগিয়ে যাওয়ার এবং আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরনের ফরম্যাট থেকে অবসরের ঘোষণার এটাই সঠিক “টাইমিং”। ডোম্বিভলি থেকে অল্প বয়সে অনুশীলনের উদ্দেশ্যে যাত্রা শুরুর দিনগুলো থেকে আজ পর্যন্ত এ খেলাকে নিজের যা কিছু ছিল, তার সবটুকু উজাড় করে দিয়েছি।’

রাহানে আরও বলেন, ‘প্রতিটা দিন, প্রতিটা ইনিংস, আর ব্যাটিংয়ের প্রতিটি সুযোগে স্বপ্নটা ছিল একটাই—ভারতের টুপি পরা। আমি একটি সহজ নীতি মেনে চলেছি—সব সময় নিজের চেয়ে দেশ ও দলকে এগিয়ে রেখেছি। সম্পূর্ণ সততার সঙ্গে আমি এই খেলাটি খেলেছি, আর আমি চিরকাল বিশ্বাস করেছি যে আপনার লক্ষ্য ও উদ্দেশ্য যদি সৎ থাকে, তবে এই খেলা কোনো দিন আপনাকে খালি হাতে ফেরাবে না।’

রাহানে যোগ করেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেটার হিসেবে আমার অভিষেকের পর থেকে ভারতীয় ক্রিকেট অভাবনীয়ভাবে এগিয়ে গেছে। ২০ বছর ধরে এই যাত্রার অংশ হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। একজন ভারতীয় ক্রিকেটার হিসেবে আমার অধ্যায়ের সমাপ্তি ঘটলেও এই খেলার সঙ্গে আমার যাত্রা এখানেই শেষ হচ্ছে না। আগামী প্রজন্মকে সহায়তা করতে, এই খেলা আমাকে যেসব মূল্যবোধ শিখিয়েছে তা ভাগ করে নিতে এবং যে খেলা আমাকে সবকিছু দিয়েছে, তাকে কিছু ফিরিয়ে দিতে উদ্‌গ্রীব হয়ে আছি।’

যুক্তরাজ্যে দ্য হানড্রেড টুর্নামেন্টে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করছেন রাহানে

রাহানে ছিলেন ভারতের মিডল অর্ডারে অন্যতম ভরসা; বিশেষ করে বিদেশের মাটিতে। দেশের মাঠে ৩২টি টেস্টের তুলনায় বিদেশে খেলেছেন বেশি (৫১টি)। দেশের মাটিতে তাঁর ব্যাটিং গড় ৩৫.৭৩। বিদেশের মাটিতে সেটা ৩৯.৪৩। ১২টি টেস্ট সেঞ্চুরির ৮টিই করেছেন বিদেশের মাটিতে।

২০২৩ সালে ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ছিল রাহানের ক্যারিয়ারে শেষ বড় ম্যাচ। সেই ম্যাচে তিনি ভারতের পক্ষে সর্বোচ্চ রান করেন। এরপর মাত্র দুটি টেস্ট খেলেছেন।

রাহানে বর্তমানে যুক্তরাজ্যে দ্য হানড্রেড টুর্নামেন্টে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করছেন।

কেমন অধিনায়ক ছিলেন মিরাজ, কেন তাঁকে সরিয়ে দেওয়া হলো

Read full story at source