তোমার রোবটও পৌঁছাতে পারে ভিয়েনায়

· Prothom Alo

ভাবো তো, তোমার বানানো একটি রোবট প্রদর্শিত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের উদ্ভাবনের পাশে। বিচারকেরা দেখছেন তোমার আইডিয়া, আর বাংলাদেশের পতাকা উড়ছে আন্তর্জাতিক মঞ্চে। এমন স্বপ্নই বাস্তবে রূপ দেওয়ার সুযোগ দেয় আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বা সংক্ষেপে আইআরও।

Visit newssport.cv for more information.

প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের হাজারো শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিয়ে বাস্তব সমস্যার সমাধানে নতুন নতুন রোবট তৈরি করে। বাংলাদেশও ২০১৮ সাল থেকে নিয়মিতভাবে এই আন্তর্জাতিক আসরে অংশ নিচ্ছে। এবার ২০২৭ সালের জানুয়ারিতে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত হবে ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড। সেই প্রতিযোগিতার জন্য বাংলাদেশ দল নির্বাচন করতে শুরু হয়েছে আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬-এর অনলাইন নিবন্ধন।

এবারের আন্তর্জাতিক অলিম্পিয়াডের মূল থিম ‘কালচারাল হেরিটেজ সার্ভিস রোবটস’। অর্থাৎ এমন রোবট নিয়ে ভাবতে হবে, যা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ কিংবা ঐতিহ্য সম্পর্কে জানার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে পারে। ভিয়েনার বিভিন্ন ঐতিহ্য, জাদুঘর, প্রত্নতাত্ত্বিক স্থাপনা কিংবা লোকজ সংস্কৃতি—এসব বিষয়ই হতে পারে তোমার রোবটের অনুপ্রেরণা। ক্রিয়েটিভ ক্যাটাগরি ও ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরিতে এই মূল থিম নিয়ে কাজ করার সুযোগ রয়েছে।

এলিমেন্টস নিয়ে আয়োজিত হলো বিজ্ঞান বক্তৃতা

এ বছর নতুন করে সংযোজিত হয়েছে মিশন চ্যালেঞ্জ ক্যাটাগরি। মিশন চ্যালেঞ্জে প্রতিযোগিতাস্থলেই একটি অপ্রত্যাশিত সমস্যা দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে একটি স্বয়ংক্রিয় রোবট তৈরি করে সেই সমস্যার সমাধান করতে হবে। এ ছাড়া নতুনদের উৎসাহ দিতে জাতীয় পর্বে থাকছে রোবটিকস কুইজ প্রতিযোগিতা, যা আন্তর্জাতিক প্রতিযোগিতার অংশ নয়। সবকটি ক্যাটাগরিতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।

এই মুহূর্তে আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬-এর অনলাইন নিবন্ধন চলছে। নিবন্ধন করা যাবে আগামী ২২ আগস্ট পর্যন্ত। দেশের বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের রোবটিকসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং অলিম্পিয়াডের প্রস্তুতিতে সহায়তা করতে আয়োজন করা হচ্ছে অ্যাক্টিভেশন কর্মশালা ও হাতে-কলমে প্রশিক্ষণ।

এই অলিম্পিয়াড শুধু প্রতিযোগিতা নয়; বন্ধুত্ব, উদ্ভাবন ও কল্পনাশক্তিকে বাস্তবে রূপ দেওয়ার মঞ্চ। তুমি চাইলে প্রস্তুতি নিতে শুরু করতে পারো আরডুইনো কিংবা ইএসপি৩২-এর মতো কোনো ডেভেলপমেন্ট বোর্ডের সাহায্যে। বই পড়ে বা অনলাইন রিসোর্স থেকে বিভিন্ন সেন্সর, মোটর বা আউটপুট ডিভাইস নিয়েও শিখতে পারো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এবারের মূল থিম নিয়ে পড়াশোনা করা। একটি ভালো রোবট শুধু প্রযুক্তি দিয়ে নয়, বাস্তব সমস্যাকে গভীরভাবে বোঝার মধ্য দিয়েই তৈরি হয়।

বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের নিবন্ধন শুরু

বাংলাদেশের শিক্ষার্থীরা ইতিমধ্যেই আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। ২০২৫ সালে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল ১টি স্বর্ণপদক, ৬টি ব্রোঞ্জপদক এবং ৪টি কারিগরি পদকসহ মোট ১১টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে। গত আট বছরে বাংলাদেশের ঝুলিতে এসেছে ১৫টি স্বর্ণপদক, ২২টি রৌপ্যপদক এবং ৩৪টি ব্রোঞ্জপদক।

হয়তো পরবর্তী আন্তর্জাতিক পদকজয়ী রোবটটি তৈরি হবে তোমার হাতেই!

বিস্তারিত তথ্য ও নিবন্ধনের জন্য ভিজিট করো: bdro.org

লেখক: প্রধান রোবটিকস কোচ, বাংলাদেশ রোবট অলিম্পিয়াডআন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের ছয় পদক

Read full story at source