লক্ষ্মীপুরে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হলো সাড়ে ১০ হাজার টাকায়
· Prothom Alo

লক্ষ্মীপুরের রামগতিতে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার মতিরহাট মাছঘাটে মাছটি সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। নিলামে সর্বোচ্চ দর দিয়ে ইলিশটি কিনে নেন মাছ ব্যবসায়ী মো. রিয়াজ ব্যাপারী।
মতিরহাট মাছঘাটের সারু মিয়ার আড়তে মাছটির নিলাম হয়। এতে অন্তত ১০ জন ব্যবসায়ী অংশ নেন। রামগতির চরগাজী ইউনিয়নের জেলে মনু মাঝির জালে মাছটি ধরা পড়ে।
Visit somethingsdifferent.biz for more information.
ইলিশের ক্রেতা মো. রিয়াজ ব্যাপারী বলেন, ‘এত বড় ইলিশ সচরাচর নদীতে মেলে না। ঢাকায় বড় ইলিশের বিশেষ চাহিদা রয়েছে। এ কারণে সাড়ে ১০ হাজার টাকায় ইলিশটি কিনেছি। মোকামে পাঠাব। আশা করছি, সেখানে ১৪ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি করতে পারব।’
আড়তদার সারু মিয়া বলেন, জেলেরা নদী থেকে বড় ইলিশসহ বিভিন্ন মাছ নিয়ে তাঁর আড়তে আসেন। এর মধ্যে বড় ইলিশটির নিলামে দাম ওঠে সাড়ে ১০ হাজার টাকা।
কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, বড় আকৃতির একটি ইলিশ ধরা পড়ার বিষয়টি তিনি শুনেছেন। বাজারে বড় ইলিশের চাহিদা বেশি। এ কারণে এসব ইলিশের দামও তুলনামূলক বেশি পাওয়া যায়।