জিমেইলের ‘সেন্ড অ্যাজ’ সুবিধা বন্ধ করছে গুগল
· Prothom Alo

জিমেইলের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে তৃতীয় পক্ষের ই-মেইল ঠিকানা ব্যবহার করে বার্তা পাঠানোর সুবিধা ‘সেন্ড অ্যাজ’ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল। ফলে ইয়াহু, আউটলুক বা হটমেইলের মতো অন্য ই-মেইল সেবার ঠিকানা ব্যবহার করে জিমেইল থেকে আর বার্তা পাঠানো যাবে না। নিজস্ব ডোমেইনের ই-মেইল ঠিকানা ব্যবহার করেও এ সুবিধা পাওয়া যাবে না। আগামী বছরের জানুয়ারি থেকে বর্তমান ব্যবহারকারীদের জন্যও সুবিধাটি বন্ধ হয়ে যাবে।
Visit moryak.biz for more information.
‘সেন্ড অ্যাজ’ সুবিধার মাধ্যমে জিমেইল ব্যবহারকারীরা নিজেদের অ্যাকাউন্ট থেকেই অন্য ই-মেইল ঠিকানা ব্যবহার করে বার্তা পাঠাতে পারেন। ফলে একাধিক ই-মেইল অ্যাকাউন্ট থাকলেও প্রতিবার আলাদা সেবায় প্রবেশ করার প্রয়োজন হয় না। দীর্ঘদিন ধরে ব্যবহার করা ইয়াহু, হটমেইল বা অন্য কোনো ই-মেইল ঠিকানা যাঁরা ধরে রেখেছেন, তাঁদের জন্য এ সুবিধা বিশেষভাবে কাজে লাগে। তবে গুগলের ওয়ার্কস্পেস অ্যাকাউন্ট ব্যবহারকারীদের ওপর এই পরিবর্তনের প্রভাব পড়বে না। অন্য কোনো জিমেইল ঠিকানার অ্যালিয়াস হিসেবে ‘সেন্ড অ্যাজ’ সুবিধা ব্যবহার করা হলেও সেটি বন্ধ করা হবে না।
‘সেন্ড অ্যাজ’ সুবিধার পাশাপাশি ‘জিমেইলিফাই’ও বন্ধ করছে গুগল। তৃতীয় পক্ষের ই-মেইল অ্যাকাউন্টের সঙ্গে জিমেইলের বিভিন্ন সুবিধা ব্যবহারের সুযোগ দিত ‘জিমেইলিফাই’। এর মাধ্যমে স্প্যাম শনাক্তকরণ, ইনবক্স গোছানোসহ জিমেইলের বেশ কিছু সুবিধা অন্য ই-মেইল অ্যাকাউন্টেও ব্যবহার করা যেত। তৃতীয় পক্ষের ই-মেইল অ্যাকাউন্ট থেকে জিমেইলে বার্তা আনার জন্য ওয়েবে পিওপি ব্যবহারের সুবিধাও বন্ধ করা হবে। পিওপির মাধ্যমে অন্য ই-মেইল অ্যাকাউন্টে আসা বার্তা জিমেইল অ্যাকাউন্টে এনে পড়া যায়।
গুগল ধাপে ধাপে এসব পরিবর্তন কার্যকর করছে। বর্তমানে ‘সেন্ড অ্যাজ’ সুবিধা ব্যবহারকারীদের এ বিষয়ে জানানো হচ্ছে। যাঁরা এখনো সুবিধাটি ব্যবহার করছেন না, তাঁরা নতুন করে এটি চালু করতে পারবেন না। এর আগে জিমেইলে ইমপোর্ট করা ই-মেইলগুলো মুছে যাবে না। সেগুলো আগের মতোই জিমেইলে সংরক্ষিত থাকবে। অ্যান্ড্রয়েড, আইফোন ও আইপ্যাডের জিমেইল অ্যাপ ব্যবহার করে তৃতীয় পক্ষের ই-মেইল অ্যাকাউন্টে আসা নতুন বার্তাও দেখা যাবে। তবে জিমেইল থেকে ওই ই-মেইল ঠিকানা ব্যবহার করে বার্তা পাঠানো বা নতুন বার্তা জিমেইলের সঙ্গে সমন্বয় করার সুবিধা থাকবে না। ‘জিমেইলিফাইও ওয়েবে পিওপি ব্যবহারের ক্ষেত্রেও নতুন ব্যবহারকারীদের জন্য সুবিধাগুলো বন্ধ করে দেওয়া হবে। তবে বর্তমানে যাঁরা এসব সুবিধা ব্যবহার করছেন, তাঁরা ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত তা ব্যবহার করতে পারবেন।
‘সেন্ড অ্যাজ’ বন্ধ হলেও তৃতীয় পক্ষের ই–মেইল অ্যাকাউন্ট ব্যবহার বন্ধ হচ্ছে না। ব্যবহারকারীরা সংশ্লিষ্ট ই–মেইল সেবার ওয়েবসাইট বা নিজস্ব অ্যাপের মাধ্যমে আগের মতোই বার্তা পাঠাতে ও গ্রহণ করতে পারবেন।
তবে ‘সেন্ড অ্যাজ’–এর বিকল্প হিসেবে অন্য কোনো সেবা ব্যবহারের ক্ষেত্রে সতর্ক করেছে গুগল। প্রতিষ্ঠানটির মতে, এ ধরনের অনেক সেবা ব্যবহারের জন্য ব্যবহারকারীর ই–মেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা অনলাইন অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি দিতে হয়। এতে অ্যাকাউন্টের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা ঝুঁকির মুখে পড়তে পারে।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ