লিটারে এবার ২৯ টাকা বাড়ল উড়োজাহাজের জ্বালানির দাম
· Prothom Alo

দেশে টানা কয়েক মাস কমানোর পর উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম এবার বাড়ানো হয়েছে লিটারে ২৮ টাকা ৫৩ পয়সা। নতুন দর আজ রোববার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে। এর আগে গত মাসে কমানো হয়েছিল ১৯ টাকা ২২ পয়সা।
আজ এক বিজ্ঞপ্তিতে জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত বছরের মে মাস থেকে প্রতি মাসে দাম সমন্বয় করে আসছে বিইআরসি।
Visit asg-reflektory.pl for more information.
বিইআরসির নতুন দর অনুযায়ী, জেট ফুয়েলের লিটার দেশের ভেতরে ফ্লাইট পরিচালনার জন্য নির্ধারণ করা হয়েছে ১৫৯ টাকা ৫২ পয়সা, যা আগে ছিল ১৩০ টাকা ৯৯ পয়সা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে ফেব্রুয়ারিতে এই দাম ছিল ৯৫ টাকা ১২ পয়সা।
আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম শূন্য দশমিক ৮৫৫৬ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক শূন্য ৩৫৮ ডলার নির্ধারণ করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানে আক্রমণের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সূত্রপাত হয়। এরপর ইরান তেল সরবরাহের অন্যতম সমুদ্রপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। পাশাপাশি বিভিন্ন দেশে মার্কিন অবস্থানে হামলা শুরু করলে তেলসমৃদ্ধ ওই অঞ্চলের প্রায় পুরোটাজুড়ে যুদ্ধ বিস্তৃত হয়।
দুই পক্ষের হামলায় লক্ষ্যবস্তু হয় জ্বালানি স্থাপনাও। এতে বিশ্ববাজারে জ্বালানির দাম অস্থির হয়ে ওঠে। এরপর যুদ্ধবিরতি শুরু হলে দাম কমতে শুরু করে।
আগে জেট ফুয়েলের দাম নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের ধারা অন্তর্বর্তী সরকার বাতিল করে দেয়। এরপর ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল, জেট এ–১–এর দাম নির্ধারণের এখতিয়ার বিইআরসিকে দেওয়া হয়।
প্রজ্ঞাপনের পর ২০২৫ সালের ২৩ মার্চ প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণে গণশুনানি গ্রহণ করে বিইআরসি। এর পর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।