সিডনিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তায় চিকিৎসকদের সচেতনতা সভা
· Prothom Alo

অস্ট্রেলিয়ার সিডনিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে এবং সামাজিক সচেতনতা বাড়াতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন ‘বাংলাদেশ মেডিক্যাল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলস’। সম্প্রতি স্থানীয় গ্লেনউড কমিউনিটি হলে দিনব্যাপী এই ‘কমিউনিটি সচেতনতা ও তহবিল সংগ্রহ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির দেড় শতাধিক ব্যক্তি অংশ নেন।
Visit sportnewz.click for more information.
সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক ডা. ফাহিমা সাত্তারের সঞ্চালনায় মূল আলোচনা পর্বে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মায়েরা তাঁদের বাস্তব অভিজ্ঞতা ও লড়াইয়ের কথা তুলে ধরেন। এ পর্বে বক্তব্য দেন নুদরাত লোহানী, সুহানি নিশা ও ডা. জেসি চৌধুরী।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মানসিক স্বাস্থ্য এবং অস্ট্রেলিয়ার জাতীয় প্রতিবন্ধী সহায়তা ব্যবস্থা (এনডিআইএস) নিয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. শামা পারভীন, ডা. হাবিব সিরাজী ও ডা. নাসরীন জাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিভারস্টোনের স্থানীয় সংসদ সদস্য ওয়ারেন কার্বি। তিনি এই উদ্যোগের প্রশংসা করে বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করতে সবাইকে আরও বেশি সচেতন ও সহনশীল হতে হবে।
অনুষ্ঠানে সংগৃহীত তহবিল থেকে বাংলাদেশে অটিজম আক্রান্ত শিশুদের সহায়তায় ‘হোপ অটিজম ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ’-এর অনুকূলে পাঁচ হাজার ডলারের একটি অনুদান চেক হস্তান্তর করা হয়।
সংগঠনের সভাপতি ডা. মেহেদী ফারহান ও সাধারণ সম্পাদক ডা. রোকেয়া ফকির কেয়াও বক্তব্য দেন। সচেতনতামূলক সেশনের পাশাপাশি অনুষ্ঠান প্রাঙ্গণে গাছপালা, পোশাক ও গয়নার স্টল বসে। দিনভর উপস্থিত অতিথিদের জন্য দেশীয় ঐতিহ্যবাহী পিঠাপুলি ও মধ্যাহ্নভোজের ব্যবস্থা ছিল।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]