কেনিয়ায় টাটা কেমিক্যালসের কার্যক্রম বন্ধের নির্দেশ
· Prothom Alo

কেনিয়ায় ভারতীয় কোম্পানি টাটা কেমিক্যালসের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। তাঁর অভিযোগ, দীর্ঘদিন দেশটিতে কার্যক্রম চালালেও কোম্পানিটি কেনিয়ার জন্য প্রত্যাশিত সুফল বয়ে আনতে পারেনি।
গত বৃহস্পতিবার কাজিয়াদো কাউন্টির ম্যাগাদি এলাকায় সফরের সময় উইলিয়াম রুটো এ কথা বলেন। তিনি জানান, টাটা কেমিক্যালসের কার্যক্রমের দায়িত্ব নিতে দুটি নতুন কোম্পানিকে আনার উদ্যোগ নিয়েছে সরকার।
Visit asg-reflektory.pl for more information.
উইলিয়াম রুটো বলেন, ‘টাটা কোম্পানির সঙ্গে ১০০ বছরের চুক্তি ছিল। কিন্তু তারা কাজিয়াদোতে কিছুই তৈরি করেনি, কোনো কারখানাও নির্মাণ করেনি।’
কেনিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা বলেছি, আমরা একটি নতুন কোম্পানিকে আনব এবং তাদের এখানে কাজিয়াদোতে একটি বড় কাচের কারখানা স্থাপন করতে হবে। আরেকটি কোম্পানি এখানে রাসায়নিক পণ্য তৈরি করবে। আমরা কি অন্যদের দাস?’
জুলাইয়ের শেষ দিকে টাটা কেমিক্যালস জানিয়েছিল, কেনিয়া সরকার তাদের সহযোগী প্রতিষ্ঠান টাটা কেমিক্যাল লিমিটেডকে ম্যাগাদি সোডা কারখানার কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে সোডা অ্যাশ রপ্তানিও স্থগিত করা হয়
বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে টাটা কেমিক্যালস বলেছে, তারা কেনিয়া সরকারের কর্তৃত্বকে সম্মান করে। চলমান বিষয়গুলো সমাধানে যথাযথ আইন ও নিয়ন্ত্রক কাঠামোর মাধ্যমে গঠনমূলক আলোচনায় যুক্ত থাকার বিষয়েও তারা প্রতিশ্রুতিবদ্ধ।
কোম্পানিটি জানায়, মন্ত্রণালয় যেসব বিষয় উত্থাপন করেছে, সেগুলোর বিষয়ে তাদের সহযোগী প্রতিষ্ঠান একটি বিস্তারিত জবাব দিয়েছে। এতে প্রযোজ্য নিয়ন্ত্রক বিধিবিধান মেনে চলার বিষয়েও তথ্য দেওয়া হয়েছে।
টাটা কেমিক্যালস আরও বলেছে, তাদের অগ্রাধিকার হলো কর্মীদের কল্যাণ, ম্যাগাদি সম্প্রদায় ও কেনিয়ার অন্যান্য অংশীজনের স্বার্থ রক্ষা করা। একই সঙ্গে তারা কেনিয়ার অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।