চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনলাইনে করা যাবে সনদের আবেদন, যেভাবে করবেন

· Prothom Alo

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্টসহ শিক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র তুলতে এবার থেকে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এর ফলে শিক্ষার্থীরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে আবেদন, ফি পরিশোধ ও আবেদনের অগ্রগতি জানতে পারবেন। সনদ প্রস্তুত হয়েছে কি না, সেটিও অনলাইনে জানা যাবে।

আজ বৃহস্পতিবার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সিনেট কক্ষে ‘সিইউ সার্টিফিকেটস অ্যান্ড ট্রান্সক্রিপ্টস পোর্টাল’ উদ্বোধনের মাধ্যমে এই কার্যক্রম চালু হয়। উপাচার্য মোহাম্মদ আল–ফোরকান এ পোর্টালের উদ্বোধন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ।

Visit somethingsdifferent.biz for more information.

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, অনলাইনে মোট ছয়টি ধাপে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন শিক্ষার্থীরা। দেশে অবস্থানরত শিক্ষার্থীরা বিকাশের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে পারবেন। বিদেশে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য অগ্রণী ব্যাংকের সুইফট কোডের মাধ্যমে বিদেশ থেকেই ফি পরিশোধের সুযোগ রাখা হয়েছে।

নতুন এই পোর্টালের মাধ্যমে সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও ভেরিফিকেশনের জন্য আবেদন করা যাবে। আবেদন জমা দেওয়ার পর সেটির বর্তমান অবস্থাও অনলাইনে জানা যাবে।

তবে আপাতত আবেদন ও প্রক্রিয়ার অন্যান্য ধাপ অনলাইনে সম্পন্ন করা গেলেও সনদ সংগ্রহের জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে হবে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সনদ পাঠানোর ব্যবস্থা এখনো চালু হয়নি।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান বলেন, এর মাধ্যমে শুধু সার্টিফিকেট নয়, সব ধরনের ডকুমেন্টের জন্য আবেদন করা যাবে। সনদের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কি না, সেটিও জানা যাবে। দেশে থেকে বিকাশ এবং বিদেশ থেকে অগ্রণী ব্যাংকের সুইফট কোডের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। তবে সনদ নেওয়ার জন্য শিক্ষার্থীকে ক্যাম্পাসে আসতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া বলেন, দেশে অবস্থানরত শিক্ষার্থীদের পাশাপাশি বিদেশে থাকা শিক্ষার্থীরাও এর মাধ্যমে আবেদন করতে পারবেন। ছয়টি ধাপে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এর ফলে আগের তুলনায় শিক্ষার্থীদের সনদ গ্রহণের প্রক্রিয়া অনেক বেশি সুবিধাজনক হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য মোহাম্মদ আল–ফোরকান বলেন, বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ ডিজিটাল ও শিক্ষার্থীবান্ধব করার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর এই প্ল্যাটফর্ম চালুর ফলে প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বাড়ার পাশাপাশি শিক্ষার্থীরা সহজে সেবা পাবেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম শিগগির আধুনিকায়ন ও অটোমেশনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

এ সময় আরও বক্তব্য দেন সহ–উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল–আমীন, সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সফিকুল ইসলাম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. এনায়েত উল্যা পাটওয়ারী, আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ রোকন উদ্দীন ফারুকী, চাকসুর ভিপি মো. ইব্রাহীম, জিএস সাঈদ বিন হাবিব ও এজিএস আইয়ুবুর রহমান।

Read full story at source