চট্টগ্রামে শিশু ধর্ষণের মামলায় প্রতিবেশীর আমৃত্যু কারাদণ্ড
· Prothom Alo
চট্টগ্রাম নগরের হালিশহরে আট বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় প্রতিবেশী এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। তার নাম মজিবুর রহমান মৃধা। আজ রোববার দুপুরে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় দেন। দণ্ডিত মো. মজিবুর বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা এলাকার বাসিন্দা।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী প্রথম আলোকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. মজিবুর রহমান মৃধাকে আমৃত্যু কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।
Visit chickenroad.qpon for more information.
আদালত সূত্রে জানা গেছে, আট বছরের শিশুটির মা অন্যের বাড়িতে কাজ করতেন। ২০১৫ সালের ৭ ডিসেম্বর সকালে তিনি তাঁর মেয়েকে এক প্রতিবেশীর বাসায় রেখে কাজে চলে যান। এ সময় ওই শিশুকে পাশের আরেকটি বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন মজিবুর।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ওই বছরের ১০ ডিসেম্বর হালিশহর থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে হালিশহর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জমির উদ্দীন ২০১৬ সালের ১৩ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত রায় দিলেন।