আমাদের সংস্কৃতি ও প্রয়োজন বিবেচনায় নিয়ে শিক্ষাব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

· Prothom Alo

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) বঙ্গভবনে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, বিগত আমলের রেখে যাওয়া ভঙ্গুর শিক্ষাব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। তিনি আরও করেন, নানা ধরনের শিক্ষাব্যবস্থাকে একত্র করে একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা চালু করা প্রয়োজন। বিগত ফ্যাসিস্ট আমলে ঢালাওভাবে মানহীন শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন দেওয়ার ফলে অদক্ষ জনশক্তি তৈরি হয়েছে। এ সময়ে তিনি বলেন, ‘ভোকেশনাল ও কারিগরি শিক্ষাব্যবস্থার ওপর আমাদের আরও জোর দিতে হবে। যাতে দক্ষ জনশক্তি তৈরি করে, বিদেশে জনশক্তি রপ্তানি করে আরও বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।’

Visit moryak.biz for more information.

রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন, ‘আমাদের সাহিত্য, কৃষ্টি, সংস্কৃতি, কর্মসংস্থান ও প্রয়োজন—সবকিছু মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে।’

সাক্ষাতের সময় প্রতিনিধিদলের সদস্যরা দেশের উচ্চশিক্ষার সার্বিক উন্নয়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান অবস্থা, দক্ষ মানবসম্পদ গঠন ও দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবদানের বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। তাঁরা কর্মদক্ষতা ও ফলাফলভিত্তিক মূল্যায়নের ব্যবস্থা চালু করা, নতুন বিশ্ববিদ্যালয় অনুমোদনে জাতীয় প্রয়োজনে বিষয়ভিত্তিক চাহিদা, বিনিয়োগ সক্ষমতা ও গুণগত মানের ভিত্তিতে অনুমোদনে হস্তক্ষেপ কামনা করেন।

এপিইউবির প্রতিনিধিদলের সদস্যরা যোগ্য বিশ্ববিদ্যালয়কে পিএইচডি ডিগ্রি, গবেষণা, পেটেন্ট ও বাণিজ্যিকীকরণের পূর্ণ সুযোগ প্রদান, শিল্প-সংযুক্ত পাঠ্যক্রম, ইন্টার্নশিপ, শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিসশিপ), বিদেশি ভাষা শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পেশাগত দক্ষতার মাধ্যমে প্রত্যেক গ্র্যাজুয়েটকে কর্মসংস্থানযোগ্য করা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে সহায়ক ও উন্নয়নমুখী নিয়ন্ত্রক সংস্থা হিসেবে গড়ে তোলা এবং একটি সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা প্রণয়নে রাষ্ট্রপতির কাছে দাবি জানান।

সাক্ষাতের সময় এপিইউবির চেয়ারম্যান মো. সবুর খানের নেতৃত্বে প্রতিনিধিদলে সংগঠনের ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ ও কে বি এম মঈন উদ্দিন চিশতি, ট্রেজারার কায়ুম রেজা চৌধুরী, এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য আব্দুল কাসেম হায়দার, কাজী জাহেদুল হাসান ও নওশাদ শামসুল আরেফিন এবং এপিইউবি সচিবালয়ের পরিচালক বেলাল আহমেদ উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

Read full story at source