এক আলোকদিবস দূরত্বে পৌঁছানোর রেকর্ডের দ্বারপ্রান্তে ভয়েজার ১ মহাকাশযান
· Prothom Alo

মহাশূন্যের গভীর অজানাপানে ছুটে চলা নাসার ভয়েজার ১ মহাকাশযান এবার নতুন ইতিহাস গড়তে চলেছে। প্রায় অর্ধশতক বছর ধরে মহাকাশে ছুটে চলা মহাকাশযানটি পৃথিবী থেকে এক আলোকদিবসের দূরত্বে পৌঁছানোর দ্বারপ্রান্তে রয়েছে। এরই মধ্যে মানুষের তৈরি কোনো বাহন হিসেবে পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়ার রেকর্ডও করছে মহাকাশযানটি।
আলোর গতিতে ২৪ ঘণ্টায় যাতায়াতের দূরত্বকে এক আলোকদিবস বলা হয়। নাসার তথ্য অনুযায়ী, আজ শুক্রবারের মধ্যে ভয়েজার ১ পৃথিবী থেকে প্রায় ১ হাজার ৬০৯ কোটি মাইল দূরত্বে পৌঁছাবে, যা এক আলোকদিবসের দূরত্বের সমান। অপর দিকে মহাকাশে ছুটে চলা ‘ভয়েজার ২’ নামে আরেকটি মহাকাশযান ভিন্ন পথে চলার কারণে প্রায় ৯ বছর পর ২০৩৫ সালের নভেম্বর মাসে এই মাইলফলক স্পর্শ করবে।
Visit een-wit.pl for more information.
১৯৭৭ সালে মহাশূন্যে পাড়ি জমানো ভয়েজার ১ মূলত বৃহস্পতি ও শনি গ্রহের পাশ দিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়েছিল। মাত্র পাঁচ বছর সচল থাকার কথা থাকলেও যানটি প্রায় ৫০ বছর ধরে কাজ করে চলেছে। ২০১২ সালে এটি আমাদের সৌরজগতের সীমানা পেরিয়ে ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করে প্রথম মানবসৃষ্ট বস্তু হিসেবে রেকর্ড গড়ে। বর্তমানে মহাকাশযানটি যেখানে অবস্থান করছে, সেখান থেকে পাঠানো সংকেত পৃথিবীতে পৌঁছাতে ২৩ ঘণ্টা ৪৫ মিনিট সময় লাগে।
বর্তমানে ভয়েজার ১ মহাকাশ যানটি উরসা মাইনর নক্ষত্রমণ্ডলীতে থাকা ‘গ্লিস ৪৪৫’ নক্ষত্রের দিকে এগিয়ে চলেছে। তবে এই নক্ষত্রের কাছাকাছি পৌঁছাতে যানটির প্রায় ৪০ হাজার বছর সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: বিবিসি