সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘অন্য আয়না’ আমাদের যা দেখায়
· Prothom Alo

কথাসাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের সাহিত্যকর্ম নিয়ে ভার্চ্যুয়ালি পাঠচক্রের আসর করে নোয়াখালী বন্ধুসভা। ১০ সেপ্টেম্বর রাত ১০টায় গুগল মিট অ্যাপে এটি অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক সানি তামজীদের সঞ্চালনায় পরিচয়পর্বের পর শুরু হয় মূল আলোচনা। পাঠচক্রের বিষয় ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোটগল্প ‘অন্য আয়না’। পাশাপাশি তাঁর কবিতা, উপন্যাস এবং জনপ্রিয় কিশোর অ্যাডভেঞ্চার চরিত্র কাকাবাবু নিয়েও হয় আলোচনা।
Visit playerbros.org for more information.
শুরুতেই ‘অন্য আয়না’ গল্পের বিষয়বস্তু, চরিত্র, জীবনবোধ এবং মানুষের মনস্তাত্ত্বিক জটিলতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বন্ধুরা। গল্পটির মাধ্যমে বাস্তবতা ও মানুষের অন্তর্জগৎকে সুনীল গঙ্গোপাধ্যায় কীভাবে ভিন্ন এক দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছেন, তা বিশেষ গুরুত্ব পায়। ‘আয়না’ এখানে শুধু বাহ্যিক প্রতিচ্ছবির প্রতীক নয়, বরং মানুষের নিজের সঙ্গে নিজের পরিচয়, আত্মানুসন্ধান এবং জীবনের অদৃশ্য সত্যকে দেখার এক প্রতীকী মাধ্যম।
সহসভাপতি মো. শিমুল বলেন, ‘সুনীল গঙ্গোপাধ্যায়ের “অন্য আয়না” আমাদের শুধু একটি গল্পের সামনে দাঁড় করায় না, বরং নিজের ভেতরের মানুষটিকে নতুন করে দেখার সুযোগ করে দেয়।’
পাঠচক্রে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা নিয়েও আলোচনা হয়। তাঁর কবিতায় প্রেম, বিরহ, একাকিত্ব, নগরজীবন, তারুণ্যের আবেগ এবং ব্যক্তিমানুষের অনুভূতির যে বহুমাত্রিক প্রকাশ ঘটেছে, তা উঠে আসে। তাঁর কবিতার সহজ অথচ গভীর ভাষা কীভাবে পাঠকের ব্যক্তিগত অনুভূতির সঙ্গে মিশে যায়, সে বিষয়েও অংশগ্রহণকারীরা মতামত ব্যক্ত করেন।
বন্ধু আফরিনা আনিকা কবির লেখা জনপ্রিয় কবিতা ‘কেউ কথা রাখেনি’ আবৃত্তি করে শোনান। বলেন, ‘সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা পড়লে মনে হয়, আমাদের খুব পরিচিত অনুভূতিগুলোই যেন তিনি এমন ভাষায় বলে দিয়েছেন, যা আমরা নিজেরা বলতে পারি না।’
আলোচনার পরিধি বিস্তৃত হয় তাঁর উপন্যাস সাহিত্যের দিকে। ‘সেই সময়’, ‘প্রথম আলো’, ‘পূর্ব-পশ্চিম’, ‘অরণ্যের দিনরাত্রি’সহ তাঁর উল্লেখযোগ্য রচনায় ইতিহাস, সমাজ, প্রেম, রাজনীতি, মানুষের সম্পর্ক ও সময়ের পরিবর্তন কীভাবে উঠে এসেছে, তা নিয়ে আলোচনা করা হয়।
সভাপতি আসিফ আহমেদ বলেন, ‘সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু নামক অ্যাডভেঞ্চার গল্পের মাধ্যমেই তাঁকে চেনা ও জানা। যেই গল্পে কাকাবাবু শুধু একজন অভিযাত্রী নন, বরং তিনি কিশোরদের কৌতূহলী হতে, অজানাকে জানতে এবং বিপদের মুখেও সাহস ধরে রাখতে শেখান।’
পাঠের আসরে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন চন্দ্র কুরী, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক নাফিস আহমেদ, কার্যনির্বাহী সদস্য অর্ঘ্য ভূঁইয়া, বন্ধু রাইসা আক্তার, আঁখি আক্তার, আল শাহরিয়ার, মিহানুর রহমানসহ অনেকে।
সাধারণ সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা